ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে নিয়মিত উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষা প্রশাসনের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে। এতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আনিসুল ইসলাম। প্রায় দুই বছর ধরে তিনি উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধান ও দাপ্তরিক কার্যক্রমসহ নানা দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁকে।
অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরেও দীর্ঘদিন ধরে নেই নিয়মিত শিক্ষা কর্মকর্তা। প্রায় দেড় বছর আগে তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন অবসর গ্রহণের পর থেকে পদটিতে নিয়মিত কোনো কর্মকর্তা যোগদান করেননি। বর্তমানে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একাডেমিক সুপারভাইজার আশীষ বরণও দাপ্তরিক কার্যক্রম সামলাচ্ছেন বলে জানা গেছে।
উপজেলা শিক্ষা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাতকানিয়ায় ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ৪২টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ৩৪টি মাদ্রাসা ও ৬টি কলেজ রয়েছে। বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও তদারকির দায়িত্ব নিয়মিত কর্মকর্তা ছাড়া পরিচালিত হওয়ায় শিক্ষা ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা দ্রুত সমাধান, পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়ন কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে। ফলে সাতকানিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ ও শিক্ষার মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতের প্রশাসনিক পদগুলো দীর্ঘদিন শূন্য পড়ে থাকবে কেন? প্রায় দুই বছর ধরে প্রাথমিক শিক্ষা অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছে কেন? মাধ্যমিক শিক্ষা দপ্তরেও নিয়মিত কর্মকর্তা নিয়োগে এত দীর্ঘসূত্রতা কেন?
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। সাতকানিয়ায় দ্রুত শিক্ষা কর্মকর্তা প্রয়োজন বলে আমরাও চাই।
স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত তদারকি ও শিক্ষা প্রশাসনের কার্যক্রম গতিশীল করতে সাতকানিয়ায় দ্রুত নিয়মিত উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস...
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্ন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অগ্নিকাণ্ডে...
পঞ্চগড় প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড়ে পাল...

মন্তব্য (০)