• আন্তর্জাতিক

আহত সেনাকে ড্রোন দিয়ে উদ্ধার করল ইউক্রেন

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধক্ষেত্রের সম্মুখসারিতে আহত এক সেনাকে আকাশপথে ড্রোনের সাহায্যে উদ্ধার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য জানিয়ে ঘটনাটিকে এ ধরনের প্রথম অভিযান বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর একটি ব্রিগেড।

ব্রিগেডটির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন মাটিতে নেমে আসে। এরপর সামরিক পোশাক পরা এক ব্যক্তি ড্রোনে থাকা উইঞ্চের সঙ্গে নিজেকে যুক্ত করেন। পরে তাকে শূন্যে তুলে নেওয়া হয়। তবে কোথায় এ উদ্ধার অভিযান চালানো হয়েছে, তা জানায়নি ব্রিগেডটি।

ইউক্রেনের ৯২তম পৃথক অ্যাসল্ট ব্রিগেডের ড্রোন ইউনিট ফেসবুকে জানায়, ‘অভিযান সফল হয়েছে, আহত ব্যক্তিকে উদ্ধার করা গেছে। তিনি এখন চিকিৎসা ও পুনর্বাসন নিচ্ছেন। তার জীবন আর ঝুঁকির মধ্যে নেই।’

ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান গুরজুফ ডিফেন্স জানিয়েছে, ওই সেনা প্রায় দেড় বছর ধরে বিপজ্জনক একটি যুদ্ধ অবস্থানে ছিলেন। প্রচলিত পদ্ধতিতে তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না।

এ কাজে ব্যবহার করা হয় ‘আয়ুদাগ-৬’ নামের ছয় পাখাবিশিষ্ট ড্রোন। গুরজুফ ডিফেন্স জানায়, ড্রোনটি আহত সেনাকে তুলনামূলক নিরাপদ একটি স্থানে নিয়ে যায়। সেখানে তার সহযোদ্ধারা অপেক্ষা করছিলেন। পরে তারা তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের সরিয়ে নিতে ইউক্রেন দীর্ঘদিন ধরে চালকবিহীন স্থলযান ব্যবহার করে আসছে। তবে একই কাজে আকাশপথে ড্রোন ব্যবহারের ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে। ৯২তম অ্যাসল্ট ব্রিগেডের ড্রোন ইউনিট অভিযানটিকে ‘বিশ্বে প্রথম’ বলে বর্ণনা করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় সাড়ে চার বছরের যুদ্ধে উভয় পক্ষই ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে। সামরিক বিশ্লেষকদের ভাষ্য, দুপক্ষের বিপুলসংখ্যক যুদ্ধ ড্রোনের ব্যবহার সম্মুখযুদ্ধের এলাকাকে এমন এক মৃত্যুফাঁদে পরিণত করেছে, যেখানে কোনো পক্ষই স্পষ্ট সুবিধা পাচ্ছে না।

সুত্র : বিবিসি

মন্তব্য (০)





image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

১

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

২

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

৩

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

  • company_logo