ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে কয়েক মাস আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে মিসর। এমনকি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছেও যুদ্ধজাহাজ পাঠিয়েছে কায়রো।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে সৌদির প্রতিরক্ষায় পাশে থাকার ঘোষণা দেওয়ার আগেই এসব সামরিক তৎপরতা শুরু হয়েছিল। তবে ইয়েমেনে হুথি সেনাদের বিরুদ্ধে চলমান সংঘাতে মিসর শেষ পর্যন্ত স্থলসেনা পাঠাবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে।
মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে মিসরের মোতায়েন করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহণ বিমান। পাশাপাশি সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে স্কাইগার্ড-আমুনসহ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পুনরায় মোতায়েন করেছে মিসর।
এ ছাড়া মিসরের যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে। লোহিত সাগর থেকে এ প্রণালির মাধ্যমে এডেন উপসাগরে প্রবেশ করতে হয়। ফলে আন্তর্জাতিক নৌবাণিজ্য ও সুয়েজ খালের নিরাপত্তার জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি আরবে হামলার পর কয়েক মাস আগেই সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল। এখন সেই উপস্থিতি আরও শক্তিশালী করা হচ্ছে।
এর আগে ১৭ অক্টোবর সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজন হলে সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান সিসি। ২৬ অক্টোবর পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে এ প্রস্তাব অনুমোদিত হয়।
তবে ইয়েমেনে স্থল অভিযানে অংশ নেওয়ার প্রশ্নে মিসরের সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ রয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, সিসি সৌদি অভিযানে সরাসরি অংশ নেওয়ার পক্ষে। তার যুক্তি, লোহিত সাগর, সুয়েজ খাল এবং মিসরের পানিনিরাপত্তা রক্ষায় হুথিদের সামরিক সক্ষমতা দুর্বল করা জরুরি।
এ ক্ষেত্রে সৌদির আর্থিক সহায়তাও কায়রোর বিবেচনায় রয়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। সম্প্রতি মিসরের কেন্দ্রীয় ব্যাংকে সৌদির ৫৩০ কোটি ডলারের আমানত আরও এক বছরের জন্য নবায়নের খবর প্রকাশিত হয়েছে। তবে এর সঙ্গে সামরিক সিদ্ধান্তের সরাসরি যোগসূত্রের প্রমাণ নেই।
অন্যদিকে, আরেক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের সশস্ত্র বাহিনী ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যরা ইয়েমেনে স্থল অভিযানে অংশ না নেওয়ার পক্ষে একমত হয়েছেন।
অতীত অভিজ্ঞতাও মিসরের জন্য বড় বিবেচ্য বিষয়। ১৯৬২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হাজার হাজার সেনা পাঠিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের। দীর্ঘ সাত বছরের সেই যুদ্ধে বহু মিসরীয় সেনা নিহত হন।
এবারও ইয়েমেনে স্থলযুদ্ধ এড়িয়ে বিমান ও নৌ অভিযানের মাধ্যমে হুতিদের সামরিক অবকাঠামো দুর্বল করার কৌশল নিতে পারে মিসর। তবে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তার ওপরই নির্ভর করছে কায়রোর পরবর্তী সামরিক সিদ্ধান্ত।
নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...
নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...
নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...
নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

মন্তব্য (০)