নওগাঁ প্রতিনিধি : দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তারা হলেন দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ)। এই অবহেলিত বাহিনীকে যুগোপযোগী করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করে আসছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে পূর্বের নিয়মানুসারে প্রতি ৫বছর পরপর গ্রাম পুলিশদের মাঝে সাইকেল প্রদান করা হয়।
তারই ধারাবাহিকতায় চলতি বছর নওগাঁর ৯শত ৫০জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়েছে। গ্রাম পুলিশদের মাঝে বিতরণের নামে কোটি টাকার সরকারি বরাদ্দে নিম্নমানের মানহীন “বাংলা সাইকেল” গছিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কোটি টাকার বরাদ্দে সাইকেল কেনার নামে পুকুর চুরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সুবিধাভোগীদের ক্ষোভ ২৪ নং ছোট আকারের এই মানহীন সাইকেলগুলো ১বছরও টিকবে না। শেষমেশ তা কেজি দরে ভাঙ্গারির দোকানেই বিক্রি করতে হবে বলে জানিয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা। গ্রাম পুলিশদের দাবী যদি ভালো মানের দামী ব্র্যান্ডের সাইকেল দেওয়া হতো তাহলে সাইকেলটি অনেক দিন ব্যবহার করা সম্ভব হতো।
নওগাঁর স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ) বাহিনীর সদস্যদের আরো আধুনিকায়নের মাধ্যমে সক্রিয় করার লক্ষ্যে প্রতি বছরই সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে। এমন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ হতে গ্রামপুলিশের পোষাক খাতে বরাদ্দকৃত অর্থ হতে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের ৯শত ৯০জন গ্রামপুলিশের মধ্যে ৯শত ৫০জনের মাঝে বাইসাইকেল সরবরাহ করা হয়েছে। জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ১কোটি ৪২লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এরমধ্যে ৯শত ৫০টি বাংলা সাইকেল (নিম্ম মানের) দরপত্রের মাধ্যমে কেনা হয়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিটি ২৪নং বাংলা সাইকেল (আকারে ছোট) প্রায় ৯হাজার ১শত টাকা মূল্যে মেঘনা গ্রুপের কাছ থেকে ক্রয় করেছে। ৯ শত ৫০টি সাইকেল ক্রয়ে ব্যয় হয়েছে ১ কোটি ১৬লাখ টাকা। বরাদ্দের অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।
শহরের বিভিন্ন সাইকেল ব্যবসায়ীরা জানিয়েছেন চলতি বছর জেলার গ্রাম পুলিশদের মাঝে ২৪নং যে বাংলা বাইসাইকেল বিতরণ করা হয়েছে সেই একটি বাংলা বাইসাইকেলের সর্বোচ্চ মূল্য ৮হাজার টাকা। অথচ ১০-১১ হাজার টাকার মধ্যে দামী ব্র্যান্ডের ভালো মানের বাইসাইকেল পাওয়া সম্ভব ছিলো যে সাইকেলগুলো নি:সন্দেহে দীর্ঘদিন ব্যবহার করা যেতো। অপরদিকে গ্রাম পুলিশদের মাঝে যে বাংলা সাইকেলগুলো বিতরণ করা হয়েছে সেগুলো দেশের খোলা বাজারে সচরাচর বিক্রি হয় না বলেও জানিয়েছেন শহরের বিভিন্ন সাইকেল ব্যবসায়ীরা।
জেলার রাণীনগর উপজেলার গ্রাম পুলিশ রহিদুল ইসলাম (ছদ্ম নাম) জানান সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শতকরা ৮০শতাংশ গ্রাম পুলিশরা মোটর সাইকেল ব্যবহার করে। এছাড়া সময় বাঁচাতে ও দ্রুত দাপ্তরিক কাজ সম্পন্ন করার লক্ষ্যে গ্রাম পুলিশরা বাইসাইকেলের চেয়ে যার যা সাধ্য মাফিক মোটরসাইকেল ব্যবহার করে। অধিকাংশ গ্রাম পুলিশের বাইসাইকেল পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করে। বিগত সময়ে যে বাংলা সাইকেল প্রদান করা হয়েছিলো সেগুলোর মান এতোটাই খারাপ ছিলো যে, ব্যবহারের ৬মাস-১বছর পার হলে আর সেই সাইকেলটি ব্যবহার করা সম্ভব হয় না। আবার অনেকেই নষ্ট হওয়া সাইকেলের পিছনে মেরামতের জন্য টাকা নষ্ট করবে না ভেবে ভাঙ্গারীর দোকানে কেজি দরে বিক্রি করে দেয়। অথচ একটু ভালো মানের সাইকেল দিলে সেই সাইকেলগুলো স্বাচ্ছন্দে দীর্ঘদিন ব্যবহার করা যায়।
জেলার মহাদেবপুর উপজেলার গ্রাম পুলিশ রহমত আলী (ছদ্ম নাম) জানান এবারো আমরা একটি করে ভালো মানের সাইকেল দাবী করেছিলাম কিন্তু দেওয়া হয়েছে ছোট আকারের নিম্ম মানের বাংলা সাইকেল। প্রতিবাদ করেও কোন লাভ হয় না। ছোট মানুষদের প্রতিবাদ কোন কাজে আসে না। বর্তমান সরকার প্রধান যেহেতু ৩বছর পর পর সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন তাই আর প্রতিবাদ করবো না। চলতি বছর পাওয়া সাইকেল দিয়ে কোন মতে সময় পার করার পর আবার তো নতুন সাইকেল পাবো। আর নষ্ট সাইকেল মেরামত করার খরচ দিয়ে মোটরসাইকেল ব্যবহার করা অনেক সুবিধাজনক। এই কারণে সাইকেল আমার ছেলে ব্যবহার করে।
অপরদিকে সাইকেল কেনার কেলেঙ্কারির পাশাপাশি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কর্মচারীরা। এই কর্মকর্তার ঘুষ বাণিজ্য, ফাইল আটকানো ও বদলি হয়রানির সিন্ডিকেট গড়ে তোলার কারণে ফুঁসছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা।
ফলে স্থানীয় সরকার শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় সরকার বিভাগের আওতায় থাকা জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। চাহিদা পূরণ না করলেই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারিদের চরম হয়রানীর শিকার হতে হচ্ছে। এমন কর্মকান্ড দীর্ঘদিন চলে আসলেও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে জানিয়েছেন একাধিক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা জানান যে, নওগাঁর স্থানীয় সরকার শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তার চাহিদা পূরণ না করলেই নানা অজুহাত দেখিয়ে বিভিন্ন তোকমা লাগিয়ে অহেতেুক জেলার এক প্রান্ত থেকে অপরপ্রান্তে বদলী করে হয়রানী করে আসছেন। আর যারা চাহিদা পূরণ করেন তারা পছন্দ মাফিক ও সুবিধাজনক জায়গায় চাকরী করার সুযোগ পাচ্ছেন। এছাড়া কোন কারণ ছাড়াই বিভিন্ন ফাইল আটকিয়ে সুবিধা গ্রহণ করা এই শাখার এক পুরাতন নিয়মে পরিণত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র মণ্ডল মুঠোফোনে জানান তার বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি ভুয়া। ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের রুটিন মাফিক বদলী করা হয়ে থাকে। আর বদলীর বিষয়টি দেখেন জেলা প্রশাসক স্যার। বদলীর বিষয়ে তার কোন হাত নেই।
স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-পরিচালক টি এম এ মোমিন মুঠোফোনে জানান গ্রাম পুলিশ নেতৃবৃন্দের অংশগ্রহণে জেলা কমিটি গঠন করার মধ্যদিয়ে ইজিপি দরপত্রের মাধ্যমে কম দামের মধ্যে ভালো মানের সাইকেল ক্রয় করা হয়েছে। গ্রাম পুলিশরা যে মানের সাইকেল চেয়েছে সেই মানের সাইকেল তাদেরকে দেয়া হয়েছে। অপরদিকে বদলী সিন্ডিকেটের বিষয়টি মিথ্যে। যারা একই স্থানে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তাদেরকে অন্য কোথাও বদলী করলেই সমস্যা। বদলীর বিষয়টি একটি নিয়মিত প্রক্রিয়া। আমার দপ্তরের সকলকে কোন অনিয়ম না করতে কঠোর হুশিয়ারী দিয়েছি। তবুও যদি অভিযোগগুলোর বিষয়ে লিখিত আবেদন পাওয়া যায় তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (০)