ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ঝুঁকিতে পড়া ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর মধ্যে ১১ জন মানব পাচারকারীও রয়েছে । কক্সবাজারের টেকনাফের দুর্গম এলাকায় বন্দি রাখার পর সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের সময় এই পরিস্থিতিতে পড়তে হয়েছে তাদের।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়,গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সমুদ্রে নিয়মিত টহলকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ একটি বোটসহ মানব পাচারকারী চক্রের ১১ জন সদস্যকে আটক এবং মালয়েশিয়া গমনে প্রতারণার শিকার ৬৫ জনকে উদ্ধার করেছে।
সেন্ট মার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামক একটি বোট সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় অপর একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। পরবর্তীতে সমুদ্রে ভাসমান বোটটিকে সহায়তা করার উদ্দেশ্যে এগিয়ে গেলে বোটটির কয়েকজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়।
বিষয়টি এফভি ক্রিস্টাল-১ এর দায়িত্বশীল কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেন । এ সময় সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান বোটটিকে উদ্ধার করে। বোটটিতে পানি প্রবেশ করতে থাকায় নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় ভাসমান বোটে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় খাদ্য ও মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বোটটি থেকে উদ্ধার ৭৬ জনের মধ্যে ১১ জন মানব পাচারকারী চক্রের সদস্য চিহ্নিত করত তাদেরকে আটক করা হয় এবং অপর ৬৫ জন মালয়েশিয়া গমনে প্রতারণার শিকার।
তাঁদের অধিকাংশই মানব পাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম এলাকায় আটক ছিল। পরবর্তীতে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল। বোটটি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাত্রী পরিবহণে নিয়োজিত ছিল। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত বোটটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।
এদিকে টেকনাফ মডেল থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, দালালদের বিরুদ্ধে ম
মামলা রুজু করা হয়েছে। এবং ভিকটিমদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হবে।
বাংলাদেশ নৌবাহিনীর এ সফল অভিযানের মাধ্যমে মানব পাচারকারী চক্রের সদস্যদের আটক করার পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে বোটে পানি প্রবেশ করায় এতে অবস্থানরত যাত্রীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছিল।
বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, মানব পাচার ও চোরাচালান দমন এবং সমুদ্রে সংঘটিত সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টে...
নওগাঁ প্রতিনিধি : সারা দেশে বাজতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নি...
বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ...

মন্তব্য (০)