ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, “একটি ছোট্ট সমাজ থেকেই বড় রাষ্ট্রের ভিত্তি তৈরি হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুবশক্তি। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু নতুন ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর একটি সমাজের ভবিষ্যৎ নির্ভর করে। আজকের শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।
শিক্ষার মান উন্নয়নের বিষয়ে সংসদ সদস্য বলেন, “শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে। বিদ্যালয়ের ভবন বা বিল্ডিংয়ের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই।” তিনি বলেন, নতুন ভবন শিক্ষার পরিবেশকে সহায়ক করতে পারে, তবে শিক্ষার প্রকৃত মান নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পরিশ্রম প্রয়োজন।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখলে চলবে না। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলায়ও তাদের সম্পৃক্ত করতে হবে। এতে শিক্ষার্থীরা মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।
স্থানীয় কর্মসংস্থানের বিষয়ে এ কে এম ফজলুল হক মিলন বলেন, কালীগঞ্জের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। স্থানীয় বেকারদের যোগ্যতা অনুযায়ী কাজে যুক্ত করা গেলে এলাকার বেকারত্বের সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, আলমগীর হোসেন স্বপন ও ইব্রাহিম প্রধান।
এ সময় মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ কে এম ফজলুল হক মিলনের দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি পর্যায়ক্রমে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
পরে উপজেলার বক্তারপুরের ফুলদী এলাকায় বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নি...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার ভেরাডাঙ্গা সরকারপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাতদিন পর ম...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান...
নওগাঁ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রথমবারের মতো অনুষ...

মন্তব্য (০)