ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : কোথাও নেই ওজন ও পরিমাপের প্রয়োজনীয় কাগজপত্র, কোথাও আবার বিক্রির জন্য রাখা হয়েছে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ। আর একটি প্রতিষ্ঠানে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। কালীগঞ্জের দুটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক বিকেলেই সামনে আসে এমন তিন ধরনের অনিয়ম।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার খলাপাড়া ও বাসাইর বাজার এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এসব মামলায় মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
অভিযানের প্রথম ধাপে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৫২ ধারায় বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়ার সিয়াম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর ওষুধের দোকানে অভিযান চালিয়ে পাওয়া যায় আরও দুটি অনিয়ম। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও (গ) ধারায় করা দুটি মামলায় সবুজ মেডিকেল হলের তাপস ধরকে (৩৩) ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে ৩ হাজার টাকা এবং ভাই ভাই মেডিকেল হলের জামিল আহম্মেদকে (৩৯) মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ফলে তিনটি মামলায় মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৫৬ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই গাজীপুরের পরিদর্শক মহিউদ্দীন ওয়ারেছী এবং গাজীপুরের ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন। বেঞ্চ সহকারীর দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।
মানিকগঞ্জ প্রতিনিধি : খেলাধুলা মানুষের জীবনের অনিশ্চয়ত...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সময়মতো অফিসে থাকা ২ এসিল্যান্ডসহ ভূমি ...
কুমিল্লা প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্য...

মন্তব্য (০)