ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী। অন্যদিকে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করলেও চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ড সূত্রে জানা যায়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৯ হাজার ৬১৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৫ হাজার ২৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন।
ফলাফলে এবারও ছাত্রীদের সাফল্যের হার ছাত্রদের তুলনায় বেশি। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ, বিপরীতে ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৬ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার মোট ৫ হাজার ৭০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ৭৯ দশমিক ৬৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৬ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৮ দশমিক ৯১ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলেও পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা। জেলাটিতে পাসের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া ময়মনসিংহ জেলায় ৫৭ দশমিক ৮০ শতাংশ, জামালপুরে ৫৫ দশমিক ৬০ শতাংশ এবং শেরপুরে ৫৫ দশমিক ৪১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিপরীতে চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সার্বিক পাসের হারে ছাত্রীদের এগিয়ে থাকা এবং জিপিএ-৫ প্রাপ্তিতে তাদের সংখ্যাগত আধিক্য এবারও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলের অন্যতম উল্লেখযোগ্য দিক। একই সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের শতভাগ ফেল করার বিষয়টিও শিক্ষার মান ও প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পাবনা প্রতিনিধিঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ স...
গাজীপুর প্রতিনিধি : বণিকপাড়ার মানুষ অপেক্ষায় ছিলেন একটি স্বস্তির দিনের। ...
ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট ত...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে নানা আয়োজন ও বর্ণাঢ্য কর্মসূ...

মন্তব্য (০)