ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূর সাগরে ১২ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চার জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নাছির উদ্দীন নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছে।
সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে নাছির উদ্দীন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি চালানো হচ্ছে।
উদ্ধার হওয়া মৃত জেলেরা হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার মো. সাগর, মো. করিম, মো. আইয়ুব মনির এবং একই উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার পাড়ার বাসিন্দা কামাল হোসেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার (১২ জুলাই) সকালে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ঘাট থেকে নুরুল আবছারের মালিকানাধীন ‘এফবি ফকিরা মসজিদ’ নামের একটি মাছ ধরার ট্রলার ১২ জন জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। সোমবার ভোর ৪টার দিকে হঠাৎ আবহাওয়া চরম বৈরী রূপ নেয় এবং সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে বিশাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে গিয়ে সাগরে তলিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার দ্রুত এগিয়ে আসে এবং জীবন বাঁচাতে ওই ট্রলারে উঠতে সক্ষম হন সাত জেলে। তবে বাকি পাঁচ জেলে ট্রলারের সঙ্গে সাগরের অতল গহ্বরে নিখোঁজ হয়ে যান। পরবর্তীতে সোমবার সন্ধ্যার দিকে ডুবে যাওয়া ট্রলারটি স্থানীয় জেলে ও উদ্ধারকারীদের সহায়তায় উদ্ধার করে কূলে নিয়ে আসা হয়। এরপর ট্রলারের ভেতর তল্লাশি চালিয়ে নিখোঁজ ৫ জনের মধ্যে ৪ জেলের লাশ উদ্ধার করা সম্ভব হলেও এখনো হদিস মেলেনি নাছির উদ্দীনের।
কুতুবদিয়া উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় যে ৭ জন জেলে পার্শ্ববর্তী ট্রলারে উঠতে পেরেছিলেন, তাদের মধ্যে ৩ জন ইতোমধ্যে কুতুবদিয়ায় নিরাপদে ফিরে এসেছেন। তবে বাকি ৪ জন জেলে ফিরে না এসে উদ্ধারকারী ট্রলারের সঙ্গে সাগরে অবস্থান করছেন এবং নিখোঁজ নাছির উদ্দীনকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, সাগরে ট্রলার ডুবির ঘটনায় নিহতদের লাশের সুরতহাল ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিখোঁজ অপর জেলের সন্ধানে পুলিশ ও কোস্টগার্ডের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে।
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...

মন্তব্য (০)