ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়মনসিংহের মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সামছুল হক এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এতে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এফ এম এ সালাম, প্রেস ক্লাবের সদস্য সচিব ফেরদৌস আলমসহ ক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি এলাকার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে। মুক্তাগাছা প্রেস ক্লাব ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।”
বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। মুক্তাগাছা প্রেস ক্লাব দীর্ঘ ৪৩ বছর ধরে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত বিকাশে ভূমিকা রেখে আসছে। আগামীতেও সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করি।”
জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সামছুল হক বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করেন। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে তাঁরা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। মুক্তাগাছা প্রেস ক্লাবের এই দীর্ঘ পথচলা অব্যাহত থাকুক এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হোক।”
প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম উদ্দিন বলেন, “দীর্ঘ ৪৩ বছর আগে যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে মুক্তাগাছা প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছিল, আজ তার পথচলা অনেক দূর এগিয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মের সাংবাদিকদের হাত ধরে এই প্রতিষ্ঠান আরও সমৃদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এফ এম এ সালাম বলেন, “প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি মুক্তাগাছার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের কথা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সদস্য সচিব ফেরদৌস আলম বলেন, “৪৩ বছরের এই অর্জন আমাদের জন্য গর্বের।
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মুক্তাগাছা প্রেস ক্লাবকে আরও গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা কাজ করে যাব।” বিকেলে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাতে খাবারের আয়োজন করা হয়।
মন্তব্য (০)