• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
‎
‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
‎
‎বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনরায় ব্যক্ত করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুগভীর করার উপায় নিয়ে আলোচনা করে।
‎
‎প্রতিমন্ত্রী আলজেরীয় দূতকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ অন্বেষণ করার অনুরোধ জানান এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য এর গুরুত্ব তুলে ধরেন।
‎
‎সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
‎
‎পররাষ্ট প্রতিমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
‎
‎তিনি জলবায়ু বিষয়ে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এবং আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে।
‎
‎শামা আলজেরীয় বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর জোর দেন।
‎
‎তিনি দুই দেশের জনগণে সঙ্গে যোগাযোগ জোরদার এবং খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা সুগভীর করার গুরুত্ব তুলে ধরেন।
‎
‎রাষ্ট্রদূত সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আলজেরিয়ার আগ্রহ প্রকাশ করেন।
‎
‎তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুগভীর করার মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের সফরের ওপরও গুরুত্ব আরোপ করেন।

মন্তব্য (০)





  • company_logo