ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়াই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মামলার যুক্তিতর্কে আইন ও বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় ট্রাইব্যুনালের নজির তুলে ধরবেন জানিয়ে তিনি বলেন, গুম ও পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হওয়া একটি নতুন নজির হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা যেন জিয়াউল আহসানকে দেওয়া হয়, যুক্তিতর্কে সেই আবেদন জানানো হবে।
যুক্তিতর্কের প্রস্তুতি নিতে মামলার সব নথি ও সাক্ষীদের সাক্ষ্য পড়েছেন জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধের বিচারে বিভিন্ন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও অন্যান্য দেশের নিজস্ব বিচারব্যবস্থায় প্রতিষ্ঠিত নজিরগুলো পর্যালোচনা করেছি। সেসব নজির আদালতে তুলে ধরবো। এছাড়া ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়, সেগুলোর জবাবও বিভিন্ন দেশের আদালত ও আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তের আলোকে তুলে ধরা হবে।
আগে প্রসিকিউশন থেকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম যেসব বক্তব্য দিয়েছেন, সেসবের পুনরাবৃত্তি এড়িয়ে নিজের যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানান রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, তার বক্তব্য মূলত আইনভিত্তিক হবে। তবে যুক্তিতর্কের প্রয়োজনে সাক্ষীদের সাক্ষ্য ও ঘটনার পারিপার্শ্বিকতা তুলে ধরতে হতে পারে। তবে যতটুকু সময় পাবেন, এর মধ্যেই যুক্তিতর্ক শেষ করার চেষ্টা করবেন।
জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চাওয়া হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগেই জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আইনে একজন ব্যক্তির জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকলে সেটিই চাওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মামলায় রায় দিয়েছেন এই ট্রাইব্যুনাল। তবে গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিভীষিকা নিয়ে এই বিচারপ্রক্রিয়া আলাদা গুরুত্ব বহন করছে। গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হওয়া একটি নতুন নজির হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি...
নিজস্ব ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈ...
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে...
নিউজ ডেস্কঃ মানুষের জানমালের নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খল...
নিজস্ব ডেস্ক : লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা...

মন্তব্য (০)