ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। দীর্ঘ প্রায় এক যুগ পর এই এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। দূর দূরান্ত থেকে আসা বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নবাসীর আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঘাসি ও খেল্লা ধরনের সাতটি নৌকা অংশ নেয়।
বাইচের জন্য উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি নদীপথ নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচান ২, গায়ানবাড়ি, গায়ান তরী, হাজারি তরীসহ সাতটি নৌকা অংশগ্রহণ করে।
দুপুর থেকেই ইছামতি নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। বিভিন্ন বয়সী নারী পুরুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন। নানা রঙ ও বিচিত্র সাজে সজ্জিত নৌকা এবং মাঝিদের ছন্দময় বৈঠার তালে পুরো নদীজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
বাইচ চলাকালে ঠিকারি ও বাঁশির বাদ্যের তালে মাঝিদের নেচে গেয়ে হেইও হেইও ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নদীর পাড়। দর্শনার্থীদের করতালি ও হর্ষধ্বনিতে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়। ইঞ্জিনচালিত ট্রলারসহ বিভিন্ন যানবাহনে করে দূর-দূরান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক দর্শনার্থী এ নৌকা বাইচ উপভোগ করেন বলে আয়োজকরা জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ জালাল বলেন, নৌকা বাইচ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। দীর্ঘদিন পর এই এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় আজকের এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা বলেন, দীর্ঘ কয়েক বছর পর ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। এতে দূর-দূরান্ত থেকে প্রায় লক্ষাধিক মানুষ অংশ নিয়ে এই ঐতিহ্য উপভোগ করেছেন। নৌকা বাইচ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও যেন এ আয়োজন অব্যাহত থাকে, সে জন্য আমরা চেষ্টা করে যাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)