• অপরাধ ও দুর্নীতি

‎যুব উন্নয়নের নিয়োগে ‘শত কোটি টাকার বাণিজ্যে’র মাস্টারমাইন্ড মাসুদ আলম, পেছনে আওয়ামী মন্ত্রীর ছায়া

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ যুব উন্নয়ন অধিদপ্তরের বহুল আলোচিত নিয়োগ কেলেঙ্কারির এখন চূড়ান্ত পর্যায় চলছে। প্রশ্নফাঁসের পর গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার আগেই তড়িঘড়ি করে একই নিয়োগ কমিটির মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার কাজ সম্পন্ন করা হয়। সেই পরীক্ষাটা ছিল আসলে আইওয়াশ, আগেই সবকিছু ঠিকঠাক করা ছিল কারা উত্তীর্ণ হবেন। বিভিন্ন ঘটনায়ও ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে।
‎
‎এদের মধ্য থেকে ২৪২ জনকে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষাও এরই মধ্যে শুরু হয়েছে। ২২ নভেম্বর রোববার থেকে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। অর্থাৎ যুব উন্নয়নের বহুল আলোচিত ‘শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য’ জায়েজ করার কাজটা এখন সম্পন্ন হওয়ার পথে।
‎
‎অথচ এখন পর্যন্ত প্রশ্নফাঁস কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি, যদিও তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর কারণ হলো, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত রয়েছেন রাঘব বোয়ালরা। প্রশ্নফাঁস কেলেঙ্কারির দায়ে ওই সময় তাৎক্ষণিকভাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পদত্যাগ ছাড়াও নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠে। এসব দাবিতে রাজধানী ঢাকায় বিভিন্ন সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। গোটা সরকারেরই তখন বেকায়দা অবস্থা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু সেই তদন্ত কমিটির প্রধানকে ইতিমধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দিয়ে ‘পুরস্কৃত’ করা হয়েছে, যাতে তিনি প্রকৃত ঘটনা উদঘাটন না করেন।
‎
‎তদন্ত কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ এই পুরো নিয়োগ দুর্নীতির মূল হোতা হলেন বহুল আলোচিত যুবলীগ নেতা ও আওয়ামী প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিজনেস পার্টনার মাসুদ আলম। তিনিই মূলতঃ নেপথ্যে থেকে নিয়োগ কমিটির সদস্যদের মনোনীত করাসহ সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। প্রশ্নফাঁস কেলেঙ্কারিও পুরোটাই ঘটেছে তার ইশারামতো। তদন্তে এসব তথ্য বেরিয়ে আসার মুহূর্তে তদন্ত কমিটির প্রধান মো. মাহফুজুল আলমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতির ব্যবস্থা করা হয়। মাসুদ আলমই এই পদোন্নতির ব্যবস্থা করেছেন। অথচ যুবলীগ নেতা মাসুদ আলমের উত্থান ঘটেছে আওয়ামী সরকারের আমলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ফ্যাসিস্ট সচিব মেজবাহ উদ্দিন (যিনি জুলাই হত্যা মামলায় বর্তমানে কারাগারে) ও সচিব আখতার হোসেনের হাত ধরে এবং তাদের বিজনেস পার্টনার হিসেবে। আর সেই মাসুদ আলম এখন বিএনপি সরকারের আমলে নতুন করে ক্ষমতাবান হয়ে উঠেছেন। বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে তার ‘ভাই ভাই’ সম্পর্ক। এমনকি সরকারের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রীর সঙ্গেও মাসুদ আলমের সম্পর্ক এ রকমেরই ঘনিষ্ঠ। যে কারণে মাসুদ আলমও এখন অত্যন্ত ক্ষমতাবান হয়ে উঠেছেন, যা বর্তমান বিএনপি আমলে অনেকটা অবিশ্বাস্যই বলা চলে! পাওয়ারফুল প্রতিমন্ত্রীর সংস্পর্শে থাকার কারণে এই মাসুদ আলম এখন সচিব নিয়োগেরও ক্ষমতা রাখেন। আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সংস্পর্শে থেকে এ মন্ত্রণালয়ের নীতিনির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
‎
‎শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য
‎
‎নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, যুব উন্নয়নের সহকারী উপজেলা যুব উন্নয়ন পদের চলমান এই নিয়োগ প্রক্রিয়ায় কারা নিয়োগ পাবেন তা আগেই নির্ধারিত হয়ে আছে। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় শত কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়েছে। প্রতিটি চাকরিপ্রার্থীর কাছ থেকে দালালরা ৩০-৩৫ লাখ টাকা করে নিয়েছে। তবে মাসুদ আলমের নেতৃত্বে মন্ত্রণালয় ও অধিদপ্তরকেন্দ্রীক এই সিন্ডিকেট পেয়েছে গড়ে ২৫ লাখ টাকা করে। পূর্ব নির্ধারিত এই চাকরিপ্রার্থীদের পাস করিয়ে আনার জন্যই প্রশ্নফাঁসসহ নানা কলাকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। নামেমাত্র নিয়োগ পরীক্ষার আয়োজনটা ছিল চাকরিপ্রার্থীদের জন্য প্রতারণা ছাড়া কিছুই নয়, বলছেন সংশ্লিষ্টরা।
‎
‎২৪২টি ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ (১১তম গ্রেড) পদের বিপরীতে মোট চাকরিপ্রার্থী ছিলেন ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন। ১০ অক্টোবরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটি প্রতিবেদন পেশ করার আগেই ১৬ অক্টোবর তড়িঘড়িভাবে নতুন করে পরীক্ষার আয়োজন করা হয়। যে নিয়োগ কমিটির হাত দিয়ে প্রশ্নফাঁস হয়েছে ওই কমিটির কোনো পরিবর্তন না করে তাদের অধীনেই পরীক্ষাটি নেওয়া হয়। যা নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। সমালোচনায় কান না দিয়ে কর্তৃপক্ষ প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় পরীক্ষাটি নেয়। অবশেষে দেখা গেলো, পুনরায় অনুষ্ঠিত হওয়ার পর, এবার প্রকাশিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘিরে চরম অনিয়ম ও কারচুপির মারাত্মক অভিযোগ উঠে। ১৭ অক্টোবর এই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে উত্তীর্ণ দেখানো হয় মোট ৫ হাজার ৩শ’ ৮৬ জনকে। ফলাফল ঘোষণার পর পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত থাকা এবং ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও প্রার্থীরা পাস করেছেন বলে অভিযোগ ছড়িয়ে পড়ে।
‎
‎আইওয়াশ গ্রেপ্তার ও প্রকৃত দোষীরা ধরাছোঁয়ার বাইরে
‎
‎গত ১০ অক্টোবর প্রশ্নফাঁসের ঘটনার পরপরই জন অসন্তোষ ও আন্দোলন প্রশমিত করতে গঠিত তদন্ত কমিটিকে মাত্র তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে দীর্ঘদিন অতিবাহিত হলেও তদন্ত কমিটি এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি।
‎বিশ্বস্ত সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, প্রতিবেদন জমা না দেওয়ার নেপথ্য কারণ অত্যন্ত গভীর। সঠিকভাবে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে এবং প্রশাসনের ভেতরে ও বাইরে থাকা শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিবর্গ চিহ্নিত হয়ে যাবেন। ফলে প্রকৃত আসামিদের রক্ষা করতে এবং ঘটনাটি ধামাচাপা দিতেই তদন্ত প্রক্রিয়ায় চরম শ্লথগতি ও টালবাহানার আশ্রয় নেওয়া হয়। এখনও প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি।
‎অন্যদিকে তদন্ত ধামাচাপা দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখানোর উদ্দেশ্যে ‘আইওয়াশ’ অভিযানের নাটক সাজানো হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হলেও অনুসন্ধানে দেখা গেছে, গ্রেপ্তারকৃতদের সাথে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ বা বিতরণের কোনো ন্যূনতম যোগসাজশ নেই। এমনকি তারা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মী বা কোনো প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত নন। ফলে মূল প্রশ্নফাঁসকারী চক্র ও প্রশাসনের প্রভাবশালী রড-বোতামরা অধরাই থেকে যাচ্ছেন। সর্বশেষ এ ঘটনায় তৌকির ইবনে সাদেক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ নভেম্বর তাকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে সবমিলিয়ে ৯ জনকে গ্রেফতার করা হলো যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায়। সর্বশেষ গ্রেফতারকৃত এই তৌকির ইবনে সাদেকও যুব উন্নয়ন অধিদপ্তরের কেউ নন। এখন পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো তথ্য এদের কারো কাছ থেকেই পাওয়া যায়নি।
‎
‎মূল হোতা যুবলীগ নেতা ও আওয়ামী মন্ত্রীর বিজনেস পার্টনার মাসুদ আলম
‎
‎গত ১০ অক্টোবরের প্রিলিমিনারি পরীক্ষার জন্য আগের দিন রাতে রাজধানীর দিলকুশায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের একটি নির্দিষ্ট কক্ষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সারারাত প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপানোর কাজ চলে। কক্ষে নিয়োগ কমিটির ৫ জন সদস্য এবং ওএমআরডিএম (OMRDM) নামের ভেন্ডর প্রতিষ্ঠানের ২০ জন কর্মী উপস্থিত ছিলেন। কড়া নজরদারি, মোবাইল বাজেয়াপ্তকরণ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখার পরও কীভাবে প্রশ্ন বাইরে গেল, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেই কক্ষে মোবাইল ফোন বা অন্য কোনো ধরনের ডিভাইস নিয়ে ঢোকার অনুমতি ছিল না কারোই। কারো হাতে দেখাও যায়নি। কিন্তু অন্য কারো হাতে না থাকলেও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), নিয়োগ কমিটির সভাপতি ডি এম আতিকুর রহমানের হাতে সর্বক্ষণই মোবাইল ফোন ছিল। তিনি বেশ কয়েকবার প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপানোর কক্ষে প্রবেশ করেছেন এবং সেখান থেকে নিজের কক্ষেও গেছেন। তাই অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিশ্চিত যে, নিয়োগ কমিটির সভাপতি ডি এম আতিকুর রহমানই প্রশ্নফাঁসের সঙ্গে সরাসরি জড়িত। অথচ তাকেই আবার এই নিয়োগ কমিটির প্রধান রাখা হয়েছে। অন্য কোনো সদস্যকেও পরিবর্তন করা হয়নি অর্থাৎ প্রশ্নফাঁসের দায়ে অভিযুক্ত নিয়োগ কমিটি পুরোপুরি অক্ষতই রয়ে গেছে এখন পর্যন্ত।
‎
‎অনুসন্ধানে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের পিএস মো. কবির খাঁন এসব ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। প্রশাসন ক্যাডারের ২১ ব্যাচের কর্মকর্তা ডিএম আতিকুর রহমান একসময় স্থল বন্দর কর্তৃপক্ষে পরিচালক পদে কাজ করেছেন। কবির খাঁনেরও মূল চাকরি স্থল বন্দর কর্তৃপক্ষে। কবির খানকে প্রতিমন্ত্রী আমিনুল হক প্রেষণে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের পিএস পদে এনেছেন। যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগকে কেন্দ্র করে বড় ধরনের নিয়োগ বাণিজ্যের পরিকল্পনা নিয়ে মাঠে নামে বিশেষ মহল আগে থেকেই। শীর্ষনিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষকাগজে ইতিপূর্বে প্রকাশিত প্রতিবেদনে এ সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরা হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে এটা নিশ্চিত হওয়া গেছে যে, এই বিশেষ মহলটি আর কেউ নয় যুবলীগ নেতা ও আওয়ামী মন্ত্রীর বিজনেস পার্টনার মাসুদ আলম। যিনি ২০২৪ এর জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় উত্তরায় টাকার বস্তাসহ ছাত্রদের হাতে ধরা পড়েছিলেন। গণঅভ্যুত্থান ঠেকানোর কাজে এই টাকা ব্যবহার করতে নেওয়া হচ্ছিল। অথচ সেই মাসুদ আলম এখন বিএনপি আমলে এতটা ক্ষমতাবান হয়ে উঠেছেন যে, তার হাতের ইশারায় যুব উন্নয়ন অধিদপ্তর ও মন্ত্রণালয়কেন্দ্রিক সবকিছু চলে!
‎
‎প্রশ্নফাঁস সংক্রান্ত পাঁচ সদস্যের তদন্ত কমিটির একজন সদস্য এ প্রতিবেদককে জানিয়েছেন, তদন্তকালে তাঁরা জানতে পেরেছেন যুগ্মসচিব ডি এম আতিকুর রহমানকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদে পদায়নের ব্যবস্থা করেছেন এই মাসুদ আলমই। কবির খাঁন এবং আতিকুর রহমান যেহেতু স্থল বন্দর কর্তৃপক্ষে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন তাই উভয়ের পারষ্পরিক জানাশোনা আছে। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রীর পিএস হিসেবে কাজ করার সুবাদে মাসুদ আলমের সঙ্গেও কবির খাঁনের সুসম্পর্ক রয়েছে। যুগ্মসচিব আতিকুর রহমান নিয়োগ বাণিজ্যসহ নানা রকমের দুর্নীতি-অপকর্মে পটু, এটা কবির খাঁন ভালো করেই জানেন। মাসুদ আলমকে তিনি এ তথ্য জানিয়েছেন। তাছাড়া আতিকুর রহমানের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। এসব দিক বিবেচনা করেই আতিকুর রহমানকে যুব উন্নয়নের নিয়োগ বাণিজ্যের যোগ্য লোক হিসেবে বিবেচনা করেন মাসুদ আলম। সরকারের ‘পাওয়ারফুল’ প্রতিমন্ত্রীর মাধ্যমে তাকে এখানে পদায়নের ব্যবস্থা করেন। লোক সিলেকশন, টাকা কালেকশনসহ সবকিছুই করেন মাসুদ আলম নিজস্ব লোকদের মাধ্যমে। তদন্ত চূড়ান্ত করতে গেলেই এসব তথ্য বেরিয়ে আসছে, যা উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। আর এ কারণেই তদন্তকাজ চাপা দিয়ে রেখে দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অন্যদিকে, ভুয়া অভিযানের মাধ্যমে ভুয়া লোকদের গ্রেফতার দেখিয়ে জনসাধারণের চোখে ধুলো দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. জসি...

image

ফরিদপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, প্রতিবেশী যুবকের ...

২

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষ...

image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

৩

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

  • company_logo