• লিড নিউজ
  • সমগ্র বাংলা

‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’— নিহত জাসাস নেতার বোন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি, গ্রেফতারও হয়নি কেউ।

এমনকি ময়নাতদন্তের জন্য রাতেই লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও দুপুর আড়াইটা পর্যন্ত তা সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন স্বজন ও পুলিশ।

ঘটনার পর থেকে কালিয়া উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

নিহত দুজন হলেন- কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম।

স্বজন ও বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বুধবার (১৮ নভেম্বর) বিকালে কালিয়া পৌর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর এলাকার বেন্দারচর এলাকায় পৌঁছলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এতে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করা হয় সোহেল রানা ও শাহীনুর ইসলামকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বৃহস্পতিবার দুপুরে বড় কালিয়ায় নিজ বাড়িতে আহাজারি করছিলেন নিহত জাসাস নেতা সোহেল রানার বোন জ্যোতি খানম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘লাশ নেব না। আমার ভাইরে তাজা আইনে দাও। ভাইকে আমি নিয়ে গেছি খুলনায়। আমার ভাইয়ের গলা কাটা, হাত-পায়ের রগ কাটা, মাথায় গুলি। আমার সোনার টুকরো ভাই, আমার ভাইয়ের মনে যে কী মায়া! সেই ভাই আমার চোখের সামনে নিস্তেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই। আমারে যারা ভাইহারা করেছে, তাদের ফাঁসি চাই। আর যেন কোনো মানুষ ভাইহারা না হয়।’

ওই বাড়িতে দাঁড়িয়ে আরেক স্বজন অভিযোগ করেন, এরা যাচ্ছিল মিছিল নিয়ে। দেশীয় অস্ত্রপাতি নিয়ে এদের ওপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন, তথা সাবেক এমপি মুক্তি বিশ্বাসের লোকজন। আমরা এর তীব্র নিন্দা জানাই, সর্বোচ্চ শাস্তি চাই।

সকালে নিহত পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলামের স্ত্রী রিমা খাতুন আক্ষেপ করে বলেন, ঘটনা সবাই জানবে-শুনবে, কিন্তু ব্যথা কেউ পাবে না। আমার ভেতর যে যন্ত্রণা, কেউ তো দেখবে না। আমার সন্তান বাপ হারাইছে। আমি দশ বছরের সংসার হারাইছি।

শাহীনুরের বাবা নিছার উদ্দিন মোল্যা বলেন, ওরা সন্ধ্যার সময় মিছিলে গেছিল মোটরসাইকেল নিয়ে। এমপির (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি) বাড়ির কাছের একটা মোড়ে গেলে ওদের ওপর হামলা করেছে, মেরেছে। এখন সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি জানিয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় যে বা যারা জড়িত, আমরা সেসব তথ্য সংগ্রহ করেছি। হত্যাকারীদের গ্রেফতারে আমাদের জোরদার অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই ভালো একটা ফলাফল আমরা দিতে পারব।

মন্তব্য (০)





image

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা...

১

নিজস্ব ডেস্ক:  সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমা...

image

কেন্দ্রীয় যুবদল নেতার দোকানে আগুন

২

নিজস্ব ডেস্ক:  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় যুবদলের কেন্দ্রীয় নেতা মাহব...

image

আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ

৩

নিজস্ব ডেস্ক:  পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত...

image

সাবেক এমপি দোলন গ্রেপ্তার, যেসব মামলা রয়েছে তার বিরুদ্ধে

৪

নিজস্ব ডেস্ক:  রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের স...

image

‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’

৫

‘লজ্জা থাকা উচিত, আমি একজন ছোট্ট বাচ্চা রায়হানকে নিয়ে এত আয়োজন কেন?’—ফেসবুকে...

  • company_logo