• সমগ্র বাংলা

নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প-২০২৬’। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান অঞ্চলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। উৎসবে ৭ নভেম্বর ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। পাশাপাশি বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্পে প্রথম দিনেই পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব বাস্তবায়ন করছে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। নড়াইলের ইতিহাস, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা, নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নড়াইলের রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও গুণীজনদের গৌরবময় ইতিহাস। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, জারি সম্রাট মোসলেম উদ্দীন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক পণ্ডিত রবিশংকরের শিকড় এ জেলার সঙ্গে যুক্ত। নড়াইলের এসব ঐতিহ্য ও পর্যটনসম্পদ জাতীয় পর্যায়ে আরও তুলে ধরতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান বলেন, নড়াইলের ইতিহাস, সংস্কৃতি ও গুণীজনদের ঐতিহ্য কাজে লাগিয়ে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। বিশেষ করে চিত্রশিল্পী এস এম সুলতানের চিত্রকর্ম ও স্মৃতিবিজড়িত বাড়িকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র বা পর্যটন হাব গড়ে তোলার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রয়োজনীয় উদ্যোগে পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে চায়।

তিনি আরও বলেন, মতুয়া সম্প্রদায়ের নারীদের নৌকাবাইচের মতো আয়োজন নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মোঃ গনী উল আজম, নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নারায়ন সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম রাহসিন কবির।

এ সময় সাপ্তাহিক নড়াইলকণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান নড়াইলকে পর্যটন জেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তিনি জেলার ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে লেখা ও স্থিরচিত্রসম্বলিত একটি অ্যালবাম এবং পর্যটন জেলা ঘোষণার দাবিনামা প্রধান অতিথি সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামানের হাতে তুলে দেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হচ্ছে। এতে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই পাঁচ শতাধিক মানুষ এ ক্যাম্প থেকে সেবা নিয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস। তিনি তৃণমূল পর্যায়ের নারীদের এগিয়ে নিতে এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

উৎসবের পাওয়ার্ড বাই পার্টনার গ্লোবাল মেডিক্লাউড (বিডি) লিমিটেড এবং স্পন্সর টি. কে. গ্রুপ। সহযোগিতায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA), হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর, ইউনিকো হসপিটালস, এটুআই (a2i), মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।

আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মাধ্যমে নড়াইলের লোকজ ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা নতুনভাবে তুলে ধরার পাশাপাশি নারীর ক্ষমতায়ন, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

ফুলবাড়ীয়ায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার মিটআপ ২০২৬’

১

প্রেস বিজ্ঞপ্তি : কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেব...

image

মানবপাচারকারীদের আস্তানায় অভিযানে নিহত সেনা সদস্য ফরিদপু...

২

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সেই আলোচিত এলাকা ...

image

সেনাসদস্য ফরিদপুরের তিতাস শেখের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিম...

৩

ফরিদপুর প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বির...

image

বগুড়ার শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফ...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ ...

image

ছুটির দিনেও রাস্তার কাজের মান যাচাইয়ে মাঠে পৌর প্রশাসন

৫

পাবনা প্রতিনিধি : সরকারি ছুটির দিনেও চাটমোহর পৌরসভার উন্নয়নক...

  • company_logo