ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌরবিদ্যুতের বিস্তার ঘটাতে বড় ধরনের অর্থায়ন কর্মসূচি নিয়েছে সরকার। গৃহস্থালি, প্রতিষ্ঠান ও শিল্প পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়নের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা সরকারি ঋণ দেওয়া হবে। সুবিধাভোগী পর্যায়ে সব ধরনের ফি-চার্জসহ কার্যকর বার্ষিক সুদের হার সর্বোচ্চ ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের বুধবার জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
পরিপত্র অনুযায়ী, সরকারের দেওয়া ঋণের সুদহার হবে বার্ষিক ৩ দশমিক ৫ শতাংশ। ঋণের মেয়াদ ১০ বছর, যার মধ্যে এক বছর গ্রেস পিরিয়ড থাকবে।
পরিপত্রে বলা হয়েছে, ১ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে ১ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এমএসএমই খাতের জন্য সংরক্ষিত ২ হাজার কোটি টাকা থেকে পুনর্বিন্যাস করে নেওয়া হবে। বাকি ৫০০ কোটি টাকা পরিচালন ঋণ থেকে সংস্থান করা হবে। অর্থায়ন পাবে তিন প্রতিষ্ঠান-ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫০০ কোটি টাকা করে দেওয়া হবে। এসব প্রতিষ্ঠান সরাসরি অথবা অংশীদার/সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে। তবে সুবিধাভোগীর ঋণখেলাপির ঝুঁকি সংশ্লিষ্ট অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।
যেসব কাজে মিলবে ঋণ। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও নেট মিটারিং সংযোগ, সোলার হোম সিস্টেম, শিল্পপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ, সৌরচালিত সেচপাম্প, ইনভার্টার, মিটার ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়নে এ অর্থ ব্যবহার করা যাবে। তবে পুরোনো ঋণ পরিশোধ, ঋণ পুনঃঅর্থায়ন, জমি বা শেয়ার কেনা, ব্যক্তিগত ভোগ কিংবা প্রতিষ্ঠানের সাধারণ প্রশাসনিক ব্যয়ে এ অর্থ ব্যবহার করা যাবে না।
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বল...
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ...
নিউজ ডেস্কঃ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিন...
নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কাল...
News Desk: Law Minister Asaduzzaman has said that Sheikh Hasina will return t...

মন্তব্য (০)