• জাতীয়

মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও মানবিক আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সাহিত্যিক আদর্শ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে তা আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।

 এই মহান সাহিত্যসাধকের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম নিয়ে আরও ব্যাপক গবেষণা এবং চর্চার প্রয়োজন রয়েছে।

শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে তাঁর ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, ১৯১১ সালে প্রয়াত এই কালজয়ী সাহিত্যিককে নিয়ে দীর্ঘ সময়েও উল্লেখযোগ্য ও বৃহৎ পরিসরের উদ্যোগ গ্রহণ করা হয়নি। সংস্কৃতি মন্ত্রণালয় বরেণ্য সাহিত্যিক ও সংস্কৃতিসাধকদের স্মৃতি সংরক্ষণ, তাঁদের সৃষ্টিকর্মের প্রচার এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 তিনি রাজবাড়ীতে একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ জাতীয়করণের বিষয়ে সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, ওই সময়ে দেশের আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল ও ধ্বংসের মুখে পড়েছিল। ভোটাধিকার হরণ, গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা হারতে আসিনি; জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করতে এসেছি।

মন্ত্রী মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠার পেছনে দেশনেত্রী ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া এবং রাজবাড়ীর কৃতী সন্তান অধ্যাপিকা জাহানারা বেগমের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

তিনি বলেন, যাত্রাপালা, সার্কাসসহ আমাদের ঐতিহ্যবাহী জীবনমুখী পরিবেশনাশিল্পকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে সাংস্কৃতিক নবজাগরণ সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

মূল প্রবন্ধে অধ্যাপক আবুল আহসান চৌধুরী বলেন, মীর মশাররফ হোসেনের সাহিত্যচর্চা ও গবেষণায় বাংলা একাডেমির ভূমিকা প্রশংসনীয়। তাঁর সাহিত্যকর্ম বাঙালি মুসলমানের সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র স্থাপন করেছে। তাঁর রচিত ‘জমিদার দর্পণ’ তৎকালীন কৃষক-প্রজার অধিকার ও শোষণবিরোধী চেতনার গুরুত্বপূর্ণ সাহিত্যিক দলিল। তিনি জানান, মীর মশাররফ হোসেনের অপ্রকাশিত ডায়েরি নিয়ে কাজ করছেন। এটি প্রকাশিত হলে মশাররফ-চর্চা ও গবেষণায় নতুন মাত্রা যুক্ত হবে।

প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান খোকন মাহমুদ এবং মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসীর। এ ছাড়া আলোচনায় অংশ নেন রাজবাড়ী জেলা ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংস্কৃতিমন্ত্রী মীর মশাররফ হোসেনকে নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে মন্ত্রী মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

বালিয়াকান্দি যাওয়ার পথে সংস্কৃতি মন্ত্রী হাটমদাপুরের প্রায় ৭০০ বছরের প্রাচীন শ্রীশ্রী রাজরাজেশ্বরী মন্দির পরিদর্শন করেন। জেলা প্রশাসক,পুলিশ সুপার ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য  মো: হারুন অর রশীদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo