• লিড নিউজ
  • জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ঘরে ঘরে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নজরুল ইসলাম রাজু, রংপুর: বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেছেন, সংসদ ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই দায়িত্ব গ্রহণের পর থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। পাশাপাশি অতীতের অনিয়ম ও দুর্নীতির ঘটনাগুলোও অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে রংপুর বিভাগের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন।সেই নীতির আলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে। আমরা চাই জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হোক। তাই মন্ত্রণালয়ের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছি। কেউ যেন দুর্নীতির সঙ্গে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।"

 

তিনি আরও বলেন, "শুধু বর্তমান নয়, অতীতের দুর্নীতির অভিযোগ ও অনিয়মও খতিয়ে দেখা হচ্ছে। যেখানে অনিয়মের প্রমাণ মিলবে, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের আপস বা ছাড় দেওয়া হবে না।"

 

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী জানান, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি নগরী ও উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। ইতোমধ্যে তিন শতাধিক নির্বাচনী এলাকায় একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, "ফ্যামিলি কার্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো-এটির জন্য মানুষকে কোথাও যেতে হবে না। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং ফ্যামিলি কার্ড পৌঁছে দেবেন। এই কার্ডের মাধ্যমে একটি পরিবারের সব তথ্য একই প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। ফলে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।"

 

মন্ত্রী আরও বলেন, "ফ্যামিলি কার্ড সবাই পাবে, কাউকে বাদ দেওয়া হবে না। তথ্যভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে ভাতা ও অন্যান্য সরকারি সহায়তা প্রদানে স্বচ্ছতা বাড়বে, হয়রানি কমবে এবং অনিয়মের সুযোগও অনেকাংশে কমে আসবে।"

 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও পুনর্বাসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে দেশে প্রায় ২ হাজার ৬০০ প্রতিবন্ধী বিদ্যালয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া ৮৫টি রোজিটিস্টশনকে প্রতিবন্ধীবান্ধব করা হয়েছে এবং আরও ৭৫টি স্কুলে এ ধরনের সুবিধার আওতায় আনা হয়েছে।ভবিষ্যতে দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে।

 

তিনি বলেন, "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হচ্ছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান উন্নয়নের পাশাপাশি প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।"

 

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "জনগণের আস্থা অর্জনের একমাত্র উপায় হলো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি এর সুফল ভোগ করতে পারে।"

 

এর আগে জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। সভায় বিভাগের চলমান কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বাস্তবায়ন, সেবার মানোন্নয়ন, ডিজিটাল ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম,সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী পুনর্ব্যক্ত করে বলেন, সরকারের লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজকল্যাণ ব্যবস্থা গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ফ্যামিলি কার্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং কোনো যোগ্য পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হবে না।

মন্তব্য (০)





image

‎জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর: আইনম...

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্র...

image

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

‎নিউজ ডেস্কঃ চব্বিশের গণ-অভ্যুত্থানে সন্তান হারানো মায়ের...

image

‎জুলাই অভ্যুথানের অর্জন একক ব্যক্তি-গোষ্ঠীর নয়, দেশের প্র...

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুথানের অর্জন একক কোনো ব্যক্তি বা গোষ্ঠ...

image

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধি...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ...

image

জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে ...

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত...

  • company_logo