ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন জাতিসংঘের সহযোগী সংগঠন ইউএন উইমেন’র বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলি সিংহ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আজ বুধবার (১৭ জুন) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে স্পিকার ইউএন উইমেন’র প্রতিনিধি দলকে জানান বর্তমানে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব যেভাবে বেড়েছে, তেমনিভাবে রাজনৈতিক দলসহ দেশের সব সেক্টরে নারীদের অংশগ্রহণ বেড়ে চলেছে।
স্পিকার বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সকল ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস্যগণের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নারী ও শিশুদের প্রতি যে কোনো সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে দেখছে।’
এ প্রসঙ্গে স্পিকার আলোচিত শিশু রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।
অস্বচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিণীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান ইত্যাদি কর্মসূচির কথা তুলে ধরে স্পীকার বলেন, ‘এসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে।’
বাংলাদেশের বর্তমান সরকার নারী অধিকার সুরক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অর্ন্তভূক্তিমূলক গণতন্ত্র ইত্যাদি সূচকে দক্ষিণ এশিয়ায় অনেক দেশ থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে ইউএন উইমেন বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলী সিংহ স্পিকারকে অবহিত করেন।
বৈঠকে অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও ইউএন উইমেন’র বাংলাদেশ ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিজ নবনিতা সিনহা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের ডিজেলচালিত স...
নিউজ ডেস্কঃ ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বিভিন্ন ...
নিউজ ডেস্কঃ সরকার দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছে না উল্লেখ কর...
নিউজ ডেস্কঃ দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রক...
নিউজ ডেস্কঃ গ্যাস ও জ্বালানি সরবরাহের ঘাটতি কমে আসতে শুরু কর...

মন্তব্য (০)