বগুড়া প্রতিনিধি : বাবা-মায়ের দেওয়া পকেট খরচ এবং শিক্ষা সফরের টাকা বাঁচিয়ে বগুড়ায় শিক্ষাজীবন থেকে ঝরে পড়তে যাওয়া দুই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা জারিফ সাদাফ।
জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা মালিপাড়া পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুর রশিদ। যিনি পেশায় একজন বাবুর্চি তবে আগের মত আর কাজ না থাকায় দিন মজুরের পয়সায় হাল ধরেছেন সংসারের। মাথার ওপর ফুটো টিনের চালা, বাড়ির আরেকটি ঘরের চালই নেই। খোলা বারান্দায় কেবল খড়ির স্তূপ। রশিদের নুন আনতে যখন সংসারে পান্তা ফুরানোর অবস্থা তখন তার আদরের দুই মেয়ে রোকাইয়া ও রোকসানার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে এমন সংবাদ পেয়ে তাদের কাছে ছুটে যান বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি জারিফ সাদাফ। দিনমজুর আব্দুর রশিদের দুই মেয়ে যেন শিক্ষা জীবন থেকে ঝরে না পরে সেই লক্ষ্যে তাৎক্ষণিকভাবে তাদের হাতে তুলে দেন নিজের পকেট খরচ থেকে সঞ্চয় করে রাখা ও শিক্ষা সফরে যাওয়া বাবদ গচ্ছিত নগদ ৮ হাজার টাকা।
টাকা হাতে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে রোকাইয়া ও রোকসানার দাদি দু’হাত তুলে জারিফের জন্য দোয়া করে বলেন, অভাবের তাড়নায় তার সন্তান আব্দুর রশিদের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এমন অবস্থায় তার দুই নাতনীর পড়াশুনার খরচসহ আনুষাঙ্গিক সব খরচ চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই এক পর্যায়ে তারা সিদ্ধান্তই নিয়েছিল যে তার দুই নাতনির লেখাপড়া বন্ধ করে দিবে। কিন্তু এরই মধ্যে আশীর্বাদ হয়ে তাদের কাছে এসেছেন জারিফ।
আব্দুর রশিদের বৃদ্ধা এই মা ও তার বাকি স্বজনরা জানান, জারিফ নিজে একজন শিক্ষার্থী হয়েও যেভাবে মানবিক টান অনুভব করে শিক্ষাজীবন থেকে ঝরে পড়তে যাওয়া অপর আরো দুই শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়েছে এটি সত্যিই প্রশংসনীয় বিষয়। তারা তার ভবিষ্যৎ জীবনের জন্য মন ভরে দোয়া করেন।
মানবিক এই সহযোগিতা প্রসঙ্গে ছাত্রদল নেতা জারিফ সাদাফ বলেন, বন্ধুদের নিয়ে বেড়াতে গেলে হয়তো কয়েকদিনের আনন্দ হতো, কিন্তু এই অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে যে প্রশান্তি পেলাম, তার কোনো তুলনা নেই। রোকাইয়া ডাক্তার হতে চায়, অর্থের অভাবে তার এই স্বপ্ন কেন মাঝপথে থেমে যাবে?" জারিফ বলেন, তাদের অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। যেখানে তৃণমূল থেকে শুরু করে সকল স্থানে নিশ্চিত হবে সমতা। একা ভালো থাকার মাঝে যে কোন সুখ নেই তা তিনি ছাত্রদলের পতাকাতলে এসে জেনেছেন। জারিফ বলেন, প্রাথমিকভাবে তার কাছে সঞ্চিত ৮ হাজার টাকা তাদের হাতে তুলে দিতে পারলেও ভবিষ্যতে এই দুই শিক্ষার্থীর এগিয়ে যাওয়ার পথে সকল প্রয়োজনে তিনি পাশে থাকবেন।
জারিফের এই মানবিক উদ্যোগে শুরু থেকেই পাশে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। সাথে আরও শামিল হয়েছিলেন বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সামিউল আতিক রাফিন, ফারদিন আহসান সিয়ামসহ শাজাহানপুর উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি জারিফ সাদাফ গত জুলাই আন্দোলনে বগুড়ায় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। ২০২৪ সালের ১৬ জুলাই এই জারিফের নেতৃত্বেই শতাধিক শিক্ষার্থীদের একটি প্রতিবাদী মিছিল বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে শহরের সাতমাথায় গর্জে উঠেছিল। সেই থেকে তৎকালীন সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে ছিলেন জারিফসহ তার অনুসারীরা। বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে কাজ করে চলেছেন শিক্ষাঙ্গনের বিকাশ এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায়।
মন্তব্য (০)