ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা মঙ্গলবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আয়োজকরা জানান, মেলাটি চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।
মেলায় থাকছে ঐতিহ্যবাহী নানা উপকরণ, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের তৈরি পণ্য, বৈশাখী সাজসজ্জা, মাটির জিনিসপত্র, নকশিকাঁথা এবং গ্রামীণ ঐতিহ্যের বৈচিত্র্যময় সমাহার। এছাড়াও দর্শনার্থীরা পাবেন কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, পাট ও চামড়াজাত সামগ্রী। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে জামদানি, শতরঞ্জি ও শীতলপাটির মতো জিআই পণ্য।
মেলায় মোট ১৬০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চামড়াজাত পণ্যের ৭টি, জামদানির ৬টি, নকশিকাঁথার ৪টি, বস্ত্রের ৪৪টি, শতরঞ্জির ৫টি এবং মণিপুরি শাড়ির ২টি স্টল রয়েছে। পাশাপাশি কারুশিল্পী জোন, শিশুদের বিনোদন জোন, পুতুলনাচ, বায়োস্কোপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১৩টি স্টল রাখা হয়েছে।
প্রান্তিক কারুশিল্পীদের জন্য ১৩টি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ২টি এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জন্য ১টি স্টল বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলা একাডেমির সভাপতি শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান।
নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ১৯৭০-এর দশকের শেষ দিক থেকে বিসিক ও বাংলা একাডেমি যৌথভাবে এই বৈশাখী মেলার আয়োজন করে আসছে।
নিউজ ডেস্ক : বাংলাদেশ আইন কমিশনের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প...
নিউজ ডেস্কঃ বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরে ২...
নিউজ ডেস্কঃ কৃষির সাথে দেশের ৪০ শতাংশ মানুষ জড়িত। কৃষক স্বচ্...
নিউজ ডেস্কঃ শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃ...

মন্তব্য (০)