• সমগ্র বাংলা

স্বপ্নের খামার পুড়ে ছাই, কালীগঞ্জে আগুনে নিঃস্ব মসজিদের ইমাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন (সাতনপাড়া) গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় একটি মসজিদের ইমাম অহিদুল আলম-যিনি ইমামতির পাশাপাশি গরু পালন করে জীবিকা নির্বাহ করতেন-দুর্বৃত্তদের দেওয়া আগুনে হারালেন তার বহু বছরের গড়ে তোলা স্বপ্ন।

জানা গেছে, সীমিত সামর্থ্য নিয়েও প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে গরুর খামার শুরু করেছিলেন তিনি। ধীরে ধীরে কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্য দিয়ে সেই খামারে গরুর সংখ্যা দাঁড়ায় সাতটিতে। কিন্তু সোমবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে মুহূর্তেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

প্রতিদিনের মতো সেদিন রাতেও প্রায় ১১টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে বাড়িতে ঘুমাতে যান অহিদুল আলম। রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের বাড়ির শহিদুল্লাহ গরুর আতঙ্কিত ডাক শুনে বাইরে বের হয়ে দেখেন, গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার করে আশপাশের মানুষজনকে ডাকেন এবং দ্রুত খবর দেন খামারের মালিককে।

পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে গোয়ালে থাকা পাঁচটি গরু পুড়ে মারা যায়। বাকি গরুগুলোও আতঙ্ক ও ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সোহেল জানান, খামারটিতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, ফলে শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা নেই। তিনি বলেন, “গোয়ালের মাচায় রাখা লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খুবই বেদনাদায়ক-গরুগুলো রশি দিয়ে বাঁধা ছিল, তাই বের হতে পারেনি।”

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, গোয়ালে রাখা মশার কয়েলটি অক্ষত ছিল। তারা জানান, মাচায় থাকা শুকনো কাঠ থেকেই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত গোটা ঘর গ্রাস করে।

ভুক্তভোগী অহিদুল আলম বলেন, “ইমামতির পাশাপাশি ধার-দেনা করে এই খামার গড়ে তুলেছিলাম। এই খামারের আয়েই আমার সংসার চলত। আগুনে সব শেষ হয়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়-এ যেন এক পরিশ্রমী মানুষের স্বপ্নভঙ্গের নির্মম গল্প। এখন প্রশ্ন, কে ফিরিয়ে দেবে তার হারানো স্বপ্ন আর জীবিকার ভরসা?

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo