ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শ্রমিকের ঘাম ও শ্রমে শিল্পমালিকেরা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা হচ্ছে না। শিল্পমালিকদের বুঝতে হবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, এ কথা যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরসংলগ্ন শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি এখনও পূরণ হয়নি। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের যে অবস্থা, তা প্রত্যাশিত নয়। একজন শ্রমিক রক্ত, ঘাম ও শ্রম দিয়ে মালিককে কোটি কোটি টাকার মালিক বানান। অথচ সেই শ্রমিকের জীবনযাপন, চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না। শিল্পমালিকদের এ দায়িত্ব বুঝতে হবে।
তিনি বলেন, ভাঙচুর, জ্বালাও-পোড়াও, কারখানায় ধর্মঘট ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসনির্ভর শ্রমিক রাজনীতিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে না। শ্রমিকদের অধিকার আদায়ে আদর্শভিত্তিক ও নিয়মতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।
নবনির্বাচিত কমিটির উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক রাজধানী এবং শিল্পকারখানা ও বন্দরের কারণে জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। আগামী দুই বছরে নতুন কমিটির নেতৃত্বে আরও বেশি ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি।
সম্মেলনে এস এম লুৎফর রহমানকে সভাপতি ও আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রচলিত শ্রমিক রাজনীতি ও সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডের মূল দর্শন হওয়া উচিত পরকালের প্রতি বিশ্বাস। ইসলামী আদর্শের ভিত্তিতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ১৯৬৮ সালের ২৩ মে তৎকালীন পূর্ব পাকিস্তানে ইসলামী আদর্শের পতাকাবাহী শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। সে সময় শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে কমিউনিজমের প্রসারের মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতা ছিল। এর বিপরীতে ইসলামী আদর্শের অনুসারীরা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ প্রচারের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর জাপান সফরে সঙ্গী হওয়ার পেছনে...
নিউজ ডেস্কঃ মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফ...
নিউজ ডেস্কঃ চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিক...
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্...
নিউজ ডেস্কঃ জুলাইয়ে হাসিনার মত রক্তচোষা একনায়কের পতন হয়েছিল...

মন্তব্য (০)