ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে গুলির ঘটনা এবং সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে প্রশাসনের কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছেন তিনি।
আমির হামজা বলেন, কুষ্টিয়ায় মানুষের জানমালের নিরাপত্তা নেই। গুলির পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনাও ঘটেছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাথা ও হাতে গুরুতর জখম হয়েছে। কারও কারও ২০ থেকে ২২টি সেলাই দিতে হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি আহতদের অবস্থা দেখেছেন। ছয়জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
গুলির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সাতক্ষীরা থেকে আসার পথে তিনি গুলির অনেক খোসা পড়ে থাকতে দেখেছেন। এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন জানিয়ে তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে।
তিনি বলেন, গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। মানুষ যেন শান্তি, স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আহতদের অবস্থা বিবেচনায় নিয়ে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে আমির হামজা বলেন, যারা হামলার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে মামলায় আসামি করা হবে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা মারা গেলে হত্যা মামলা এবং বেঁচে থাকলে হত্যাচেষ্টার মামলা করা হবে।
ঘটনার পেছনে ভাড়াটে লোকজন ব্যবহারের অভিযোগও করেন এই সংসদ সদস্য। তার দাবি, কয়েকজনকে ২০০ থেকে ৩০০ টাকা করে দিয়ে ঘটনাস্থলে পাঠানোর কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
আমির হামজা বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, দায়িত্বে থাকার পাঁচ বছরে তার সম্পদ বাড়েনি। তাই অনুমাননির্ভর অভিযোগ তুলে রাজনীতিকে কলুষিত না করে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে এলে তার সঙ্গে সরাসরি কথা বলবেন বলেও জানান আমির হামজা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে সবার। তার কুষ্টিয়া সফরকে স্বাগত জানান তিনি। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন।
জেলার প্রশাসনের সমালোচনা করে আমির হামজা বলেন, কুষ্টিয়ার ডিসি ও এসপি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে তাদের অন্য জেলায় বদলি করার কথাও বলেন তিনি।
এ ছাড়া মজমপুর গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন অসুস্থ হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনস...
নিউজ ডেস্কঃ যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির ক...
নিউজ ডেস্কঃ মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই ...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় স...

মন্তব্য (০)