ছবিঃ সংগৃহীত
নিজস্ব ডেস্ক : বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্যদের উদ্বেগ, স্বজনদের ছুটোছুটি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি- কোথাও মিলছিল না তাঁদের সন্ধান।
একপর্যায়ে থানায় করা হয় সাধারণ ডায়েরি (জিডি), সামাজিক যোগাযোগমাধ্যমেও দেওয়া হয় নিখোঁজের খবর। কিন্তু রাত গভীর হতেই আসে মর্মান্তিক সংবাদ।
নগরসংলগ্ন সুরমা নদীতে ভাসছে মা ও মেয়ের মরদেহ। নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের শাহজালাল (রহ.) সেতু সংলগ্ন সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, কিংবা কীভাবে তারা নদীতে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন- দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার বাসিন্দা জীবন বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী ওরফে প্রমি (৩৩) এবং তাদের ১১ মাস বয়সী শিশুকন্যা জয়শ্মিতা বিশ্বাস ওরফে শ্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মা-মেয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা প্রথমে বাসার আশপাশসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তাদের খোঁজ করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেন স্বজনরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাদের নিখোঁজের খবর ছড়িয়ে দেওয়া হয়।
এরপর রাত গভীর হলে শাহজালাল (রহ.) সেতু সংলগ্ন সুরমা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুকন্যাসহ মায়ের মরদেহ উদ্ধার করে।
নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবন বিশ্বাস জানান, তাদের ১১ মাস বয়সী শিশুকন্যা শ্রী থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল। মঙ্গলবার বিকেলে মেয়েকে রক্ত দিয়ে বাসায় ফেরেন তার স্ত্রী। এ সময় মঞ্জুশ্রীর সঙ্গে তার শাশুড়িও ছিলেন। পরে তাকে বাসায় রেখে শাশুড়ি নিজের বাড়িতে চলে যান। অন্যদিকে জীবন বিশ্বাস তখন অফিসে ছিলেন।
জীবন বিশ্বাসের ভাষ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টার দিকে তাদের ১৪ বছর বয়সী ছেলে বাসায় ল্যাপটপ নিয়ে পড়াশোনা করছিল। তার পরীক্ষা চলছিল। একপর্যায়ে মাকে ঘরে না পেয়ে সে বাসার বিভিন্ন কক্ষ ও ছাদে খোঁজাখুঁজি করে। কোথাও না পেয়ে তাকে ফোনে বিষয়টি জানায়।
খবর পেয়ে দ্রুত বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের সন্ধানে আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবদের নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন জীবন বিশ্বাস। কিন্তু কোথাও তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিখোঁজের খবর প্রকাশ করেন। এর মধ্যেই রাতে জানতে পারেন, তার স্ত্রী ও শিশুকন্যার মরদেহ সুরমা নদীতে পাওয়া গেছে।
এ বিষয়ে এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর শিশুসন্তানসহ মায়ের মরদেহ সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিজস্ব ডেস্ক : নাশকতার আশঙ্কায় গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছ...
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়...
নিজস্ব ডেস্ক : গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘট...
নিজস্ব ডেস্ক : উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। রাতভর ব...
মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় পুকুরের পানিতে ড...

মন্তব্য (০)