ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকাকে দুই সিটি করপোরেশনে বিভক্ত করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
তিনি বলেছেন, “রাজনৈতিক কারণে ঢাকা শহরকে দুই ভাগ করা হয়েছে। এতে নগরীর ক্ষতি হয়েছে। দেশের প্রয়োজনে ও ঢাকাকে বাঁচাতে নগর পরিচালনার সামগ্রিক বিষয়গুলো নতুন করে ভাবতে হবে।”
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপের ড. দুর্গা পি. পাউডিয়াল কনফারেন্স হলে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) পরিচালিত ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা’ শীর্ষক গবেষণার তথ্য ও বিভিন্ন দিক নিয়ে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, “ঢাকা শহরটাকে দুই ভাগ করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে। এটা আমাদের ক্ষতি করেছে। কোনোভাবেই শহরটাকে দুই ভাগ করা ঠিক হয়নি।”
তিনি বলেন, “পুরান ঢাকার করের অর্থ দিয়ে একসময় নতুন ঢাকা গড়ে তোলা হয়েছে। অথচ সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর নতুন ঢাকার বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা করের সুবিধা দক্ষিণ সিটি করপোরেশন পাচ্ছে না। এতে পুরান ঢাকার মানুষ বঞ্চিত হচ্ছেন। সেখানকার মানুষের জীবনযাত্রার মান ও আর্থিক সামর্থ্যও বিবেচনায় নিতে হবে।”
ঢাকার বায়ুদূষণ ও নাগরিক সমস্যার সঙ্গে নগরীতে প্রতিদিন মানুষের আগমন, আবাসন এবং মৌলিক নাগরিক সুবিধার সংকটের সম্পর্ক রয়েছে উল্লেখ করে আব্দুস সলাম বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় আসছেন। তাদের অনেকের থাকার নির্দিষ্ট জায়গা নেই। ফুটপাতে থাকছেন, যেখানে খাচ্ছেন সেখানেই ঘুমাচ্ছেন। এমনকি প্রয়োজনীয় শৌচাগার ব্যবহারের সুবিধাও তাদের নেই। ফলে বায়ুদূষণসহ নগরীর সামগ্রিক সমস্যা সমাধানে এসব বাস্তবতাও বিবেচনায় নিতে হবে।”
তিনি বলেন, “ঢাকার যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও ফুটপাত দখলের মতো সমস্যাগুলো বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। একটি সমস্যার সঙ্গে অন্যটির সম্পর্ক রয়েছে। তাই গবেষণা ও আলোচনার মাধ্যমে সামগ্রিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করতে হবে।”
ব্যাটারিচালিত রিকশার প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, “রিকশা চলাচল ও এর সঙ্গে যুক্ত মানুষের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি। একদিকে নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করা, অন্যদিকে রিকশাচালক ও মালিকদের জীবিকার বিষয়টি উপেক্ষা করা যাবে না। যারা লাইসেন্স নিয়ে বিনিয়োগ করেছেন, তাদের বিষয়টিও সমাধানের আওতায় আনতে হবে।”
আব্দুস সালাম বলেন, “অবৈধ কোনো কার্যক্রমকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। তবে বৈধভাবে রিকশা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ও সনদ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সাংবাদিকদেরও এমনভাবে প্রশ্ন ও আলোচনা করা উচিত, যাতে অবৈধ কার্যক্রম উৎসাহিত না হয় এবং নগরীর প্রকৃত সমস্যাগুলো সামনে আসে।”
তিনি বলেন, “ঢাকাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নাগরিক, সাংবাদিক, গবেষক, রিকশার মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় যুক্ত করতে হবে। তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।”
নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখন...
নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়ে...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের...
নিউজ ডেস্কঃ ‘পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গো...

মন্তব্য (০)