• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার সকাল ১১টা ৬মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মেলার উদ্বোধন করেন।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

‎ভিডিওচিত্রে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন।
‎
‎ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।
‎
‎দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
‎
‎অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন।
‎
‎পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
‎
‎পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।
‎
‎এ সময় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দেয়া হয়।
‎
‎এবারের মেলায় সারাদেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত।
‎
‎মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল পণ্য, জুয়েলারি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
‎
‎দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা এ মেলায় তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।
‎
‎এতে বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।
‎
‎সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি এবং কর্মসংস্থান সম্প্রসারণে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
‎
‎শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।
‎
‎এছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।

মন্তব্য (০)





image

‘শেষকালে আমাকে স্মরণ করতে হলো কোর্টে’, ঢাবি ভর্তি পরীক্ষা...

১

নিউজ ডেস্কঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং ...

image

‎জুলাই হত্যাকাণ্ডের মামলা: আমু, দীপু মণি, শাহজাহান খানসহ ...

২

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত ম...

image

সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা বাড়াতে চায় ইতালি

৩

নিজস্ব ডেস্ক : বাংলাদেশের সমুদ্রসীমায় নিরাপত্তা জোরদার, মানবপাচার ও সামুদ্রিক...

image

‎খাল খনন কর্মসূচির সঠিক বাস্তবায়ন হলে মাছের উৎপাদন ব্যবস...

৪

‎নিউজ ডেস্কঃ সরকারের খাল খনন কর্মসূচি সঠিক ভাবে বাস্তবায...

image

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: ...

৫

নিউজ ডেস্কঃ  নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্...

  • company_logo