ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া এলাকার মুকুল বসুনিয়া (২৮) ও শাকিব বসুনিয়া (২২)।
বাসে থাকা একই এলাকার আরেক যাত্রী আতিক বসুনিয়া বলেন, ‘আমার কাছে টাকা ছিল। সবাইকে নামিয়ে দিলেও আমাকে নামায়নি। বাসের হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করে। আমার গলায় গামছা পেঁচিয়ে দেয়। তখন মুকুল ও শাকিব এগিয়ে আসে। বাস চলন্ত অবস্থায় তাদের দুজনকে লাথি মেরে নিচে ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার করি। একটি মাইক্রোবাসের চালক ঘটনাটি দেখে চিকলীতে বাসটির পথরোধ করেন। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটকান। তা না হলে আমাকেও মেরে ফেলে দিত।’
নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তাঁর ছোট ভাইসহ একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্যদের বাস থেকে নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় মুকুল ও শাকিব তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক: সিলেটে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এত...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে একটি মাদ্রসায় গতকা...
নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি ও দলীয়...
নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩...
নিউজ ডেস্ক: আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে কার্যক্রম...

মন্তব্য (০)