ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জোটটি।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হুতি যোদ্ধাদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদে পৌঁছানোর আগেই সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।
এর আগে শনিবার আল-মালিকি জানিয়েছিলেন, হুতিদের ছোড়া আরও দুটি ড্রোন রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে প্রতিহত করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
হুতিদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে বারবার উঠে এসেছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন এবং সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন তেল স্থাপনা।
অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, দেশটির মারিব শহরের দিকে ছোড়া বেশ কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি দাবি করেছেন, সৌদি-সমর্থিত বাহিনী তাইজ, লাহিজ, মারিব ও আল-জাওফ প্রদেশে ৭২৩টি লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে হুতিদের ৩২১ জন নেতা ও সদস্য নিহত অথবা আহত হয়েছেন। পাশাপাশি গোষ্ঠীটির ব্যবহৃত ১১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আল-নুজাইলির দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা এবং ৫৪১টি গোলাবর্ষণ চালানো হয়েছে।
এদিকে হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের রাজধানী সানার শুআব জেলার একটি আবাসিক এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর গোলাবর্ষণে দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন বলে দাবি করেছে হুতিসংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।
অন্যদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য বলছে, গত আগস্ট থেকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ক্রমবর্ধমান সংঘাত ও পাল্টাপাল্টি হামলায় দেশটির মানবিক পরিস্থিতি আরও সংকটের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নিউজ ডেস্কঃ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নিরাপত...
নিউজ ডেস্কঃ দুই মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র...
নিউজ ডেস্কঃ ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহা...
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইর...
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হুমকি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জা...

মন্তব্য (০)