• আন্তর্জাতিক

ফ্রান্সের রাজপথে হাজারো মানুষ, বিক্ষোভে উত্তাল প্যারিস

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিক্ষায় বরাদ্দ বাড়ানো, শিশু-কিশোরদের সুরক্ষা এবং পুলিশের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত আইন বাতিলের দাবিতে ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (১৪ নভেম্বর) টানা পঞ্চম সপ্তাহের মতো রাজপথে নামেন ইয়েলো ভেস্ট আন্দোলনকারী, শিক্ষার্থী ও শিক্ষা খাতের বিভিন্ন ইউনিয়নের সদস্যরা।

রাজধানী প্যারিসে বিক্ষোভকারীদের বড় একটি অংশ জড়ো হন প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে। দেশজুড়ে আন্দোলন-সমাবেশের জন্য এটি দীর্ঘদিনের পরিচিত ও প্রতীকী স্থান।

শিক্ষার্থী ইউনিয়ন সিন্ডিক্যাল লিসেনের সহমহাসচিব মারিয়ুস মেসনিল বলেন, ‘আমরা চাই, ক্লাসে গেলে শিক্ষক থাকবেন। ক্যান্টিনে খাওয়ার সময় আমাদের মাথার ওপরের ছাদ ধসে পড়বে না। প্রতি বছর পরিস্থিতির অবনতি সত্ত্বেও আমরা চাই, মাধ্যমিকের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারি।’

এক মাসের বেশি সময় ধরে ফ্রান্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ ও বিক্ষোভ চলছে। শনিবারের বিক্ষোভে দেশজুড়ে প্রায় এক লাখ ছয় হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে প্যারিসে ছিলেন ২৪ হাজার। তবে আয়োজকদের দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল দুই লাখ; রাজধানীতেই অংশ নেন এক লাখ মানুষ।

সাম্প্রতিক বিক্ষোভগুলোর তুলনায় শনিবার উপস্থিতি ছিল কম। গত বৃহস্পতিবার ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘট ও বিক্ষোভে দেশজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ রাজপথে নেমেছিলেন।

আগামী মঙ্গলবার আবারও দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো। সরকার ন্যূনতম মজুরি ০.৬ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা প্রত্যাখ্যান করেছে তারা। ইউনিয়নগুলোর মতে, এই বৃদ্ধি যথেষ্ট নয়।

ইয়েলো ভেস্ট আন্দোলনের সদস্য বেঞ্জামিন বল বলেন, ‘সরকার আমাদের কেবল উচ্ছিষ্ট দিয়েছে, অথচ আমরা পুরো বেকারিটাই চাই।’

বিক্ষোভকারীরা পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত আইনি সুরক্ষা দেওয়ার একটি নতুন বিলেরও বিরোধিতা করেছেন। প্রস্তাবিত আইনটি পাস হলে দায়িত্ব পালনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারকারী পুলিশ কর্মকর্তা ও জেনদার্মদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুরক্ষা তৈরি হবে।

বিলটির সমর্থকদের মধ্যে রয়েছেন মেরিন লো পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল। প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপগুলোতে দলটি এগিয়ে রয়েছে। সমর্থকদের যুক্তি, দায়িত্ব পালনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয়।

তবে শ্রমিক ও শিক্ষার্থী ইউনিয়নগুলোর অভিযোগ, এই আইন পুলিশের জন্য কার্যত ‘হত্যার লাইসেন্স’ তৈরি করবে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় আনা আরও কঠিন হয়ে পড়বে। ফ্রান্সে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগের অনেক ঘটনাই ফৌজদারি আদালত পর্যন্ত গড়ায় না।

শিক্ষার্থী ইউনিয়নের মুখপাত্র সাবরিন খারবাখ বলেন, ‘আগামী সপ্তাহে ভোটের জন্য তোলা হত্যার লাইসেন্স আইনে বলা হয়েছে, কোনো পুলিশ কর্মকর্তা গুলি চালালে প্রথমে ধরে নেওয়া হবে, তিনি আইন মেনেই কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের লাঠিপেটা করে, কাঁদানে গ্যাস ছোড়ে এবং পঙ্গু করে দেয়, তাদের দায়মুক্তির আরও একটি স্তর যুক্ত হবে। রাষ্ট্রের সশস্ত্র বাহিনী হিসেবে কাজ করা পুলিশের জন্য এটি আরও একটি দায়মুক্তির সুযোগ।’

দক্ষিণ ফ্রান্সের তুলুজ শহরে বিক্ষোভে অংশ নেওয়া ২৮ বছর বয়সী কেনজা বলেন, ‘বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন এর সঙ্গে শিশুরাও জড়িয়ে পড়ে।’

এর আগে গত সপ্তাহে ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভে আহত অন্তত ১৮ জনের আইনজীবীরা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের দায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানিয়ে তারা বলেন, এতে বিক্ষোভকারীদের হাত, পা ও চোখে গুরুতর আঘাত লেগেছে; কেউ কেউ স্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন।

মন্তব্য (০)





image

দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

১

নিউজ ডেস্কঃ  সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, নিরাপত...

image

দুই মাস পর ডিজেলের দাম কমল

২

নিউজ ডেস্কঃ দুই মাসের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র...

image

ইরান অভিযানে ব্যর্থতা, বরখাস্ত যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার

৩

নিউজ ডেস্কঃ ইরানবিরোধী সামরিক অভিযানে নিয়োজিত যুদ্ধজাহা...

image

সৌদির রাজধানী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন নি...

৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্ট...

image

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইর...

  • company_logo