• লিড নিউজ
  • জাতীয়

বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
‎তিনি বলেন, ‘প্রতিটি কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠার সমান সুযোগ, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য এবং নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিয়ে রোধ করা নৈতিক ও সামাজিক দায়িত্ব।’
‎
‎জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষ্যে আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এবারের প্রতিপাদ্য ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।
‎
‎রাষ্ট্রপতি বলেন, আজকের কন্যাশিশু জাতির ভবিষ্যৎ। তারা আগামী দিনের মানবসম্পদ এবং অফুরন্ত সম্ভাবনাময় নাগরিক। সঠিক শিক্ষা, সুস্বাস্থ্য, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রত্যেক কন্যাশিশু পরিবার, সমাজ ও দেশের জন্য অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। কিন্তু কন্যাশিশুর প্রতি বৈষম্য, সহিংসতা, নিরাপত্তাহীনতা ও বাল্যবিবাহের কারণে তাদের অগ্রযাত্রা ব্যাহত হয়।
‎
‎তিনি বলেন, দেশের প্রতিটি কন্যাশিশুসহ সব শিশুর নিরাপদে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা লাভ, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং নিজস্ব প্রতিভা বিকাশের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব রয়েছে।
‎
‎রাষ্ট্রপতি জানান, নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাল্যবিবাহ বন্ধে বাল্যবিবাহ নিরোধ কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। পাশাপাশি দেশব্যাপী কিশোর-কিশোরী ক্লাবের সংখ্যা বৃদ্ধি এবং এগুলোকে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের ইতিবাচক ভূমিকা অপরিহার্য উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে সামাজিক সচেতনতা বাড়াতে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
‎
‎তিনি বলেন, কন্যাশিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করা এবং তাদের প্রতি সম্মান, সমতা ও সহমর্মিতার পরিবেশ তৈরিতে পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিকল্প নেই। কন্যাশিশুর মতামতের গুরুত্ব দিতে হবে এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে।
‎
‎রাষ্ট্রপতি আরো বলেন, কন্যাশিশুর জন্য সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে একটি আধুনিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।
‎
‎জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি প্রতিটি কন্যাশিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি কন্যাশিশুর স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করাই হোক রাষ্ট্র ও সমাজের সম্মিলিত অঙ্গীকার।

মন্তব্য (০)





image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দি...

image

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক

২

নিজস্ব ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈ...

image

রামগঞ্জে রাতের আঁধারে বাসে আগুন

৩

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্টেশনে অগ্নিকাণ্ডে...

image

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৪

নিউজ ডেস্কঃ মানুষের জানমালের নিরাপত্তা আর শান্তি-শৃঙ্খল...

image

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা...

  • company_logo