• লিড নিউজ
  • জাতীয়

‎সার সরবরাহে অনিয়ম-কারসাজি নিয়ে কড়া বার্তা বিএফএ’র

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ কৃষক পর্যায়ে সার সরবরাহে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় বরদাশত করা হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

‎সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে বিএফএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ পুনরায় উল্লেখ করা হয়েছে।
‎
‎বিএফএ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও অসাধু ও অসংগঠিত ব্যবসায়ীদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ডিলারদের গুদাম লুট করে সার সংকট তৈরির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বিএডিসি, বিসিআইসি ও বেসরকারি খাতের বরাদ্দকৃত ইউরিয়া ও নন-ইউরিয়া সার নির্ধারিত সময়ে উত্তোলন করে নিজস্ব গুদামে সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎ডিলারদের উত্তোলন করা সারের আগমনি বার্তা সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় বিএফএর হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হয়েছে। মজুত ও বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। বিএফএর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ডিলারদের সার বিক্রয় কার্যক্রম মনিটরিং করবেন।
‎
‎কোনো ডিলার, খুচরা বিক্রেতা বা অন্য কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করলে কিংবা নীতিমালাবহির্ভূত কর্মকাণ্ডে জড়ালে স্থানীয় প্রশাসন ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় বিএফএ কোনো হস্তক্ষেপ করবে না।
‎
‎বিজ্ঞপ্তিতে সার উত্তোলন ও নিরবচ্ছিন্ন বিতরণে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিএফএর কেন্দ্রীয় ‘সার সংক্রান্ত মনিটরিং সেল’-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo