ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার ঘটনার প্রতিবাদ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও মেডিকেল শিক্ষার্থীরা।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকরা প্রতিনিয়ত রোগীর জীবন রক্ষায় কাজ করলেও কর্মস্থলে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। শরীয়তপুরে চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষায় কার্যকর আইন বাস্তবায়নের দাবি জানান তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গাইনি বিশেষজ্ঞ ডা. শামীম খাতুন পলি, আইডিএ পাবনা জেলা সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ ও সাধারণ সম্পাদক হাবিবুল শুভ।
এসময় আরও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুরসহ স্থানীয় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)