ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও তাদের বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, বেতন বাড়ানোর পর বাড়িভাড়া বাড়ানো হলে শ্রমিকদের আর্থিক স্বস্তি ব্যাহত হবে। তাঁদের বাড়তি আয়ের সুফল নিশ্চিত করতে বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার কিছুটা সুযোগ তৈরি হয়েছে। কিন্তু বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াও বাড়ানো হলে শ্রমিকদের সেই বাড়তি আয়ের বড় অংশই ভাড়ার পেছনে চলে যাবে। এতে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল তাঁরা পাবেন না। তাই শ্রমিকদের আর্থিক স্বস্তির কথা বিবেচনা করে বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, শ্রীপুর একটি শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানার সঙ্গে শ্রমিক, বাড়ির মালিক, ব্যবসায়ীসহ অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হলে সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার বিকল্প নেই।
এসময় সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাড়ির মালিকেরা।
গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণীসম্পদ গড়...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আ...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কোতয়ালী উপজেলায় অভিযান চালিয়...
নওগাঁ প্রতিনিধিঃ ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে...

মন্তব্য (০)