• সমগ্র বাংলা

তেল নেই পাম্পে, বিপাকে চালক-রংপুরে স্থবির জনজীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিন ধরে নগরীসহ বিভিন্ন উপজেলায় অধিকাংশ পেট্রোল পাম্পে সরবরাহ কমে যাওয়ায় অনেক পাম্প বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। এতে মোটরসাইকেল চালক, মাইক্রোবাস মালিকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, কোথাও পাম্প বন্ধ,কোথাও আবার অল্প তেল থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। অনেক পাম্পে কালো কাপড় টানিয়ে ‘তেল নেই’ নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

পাম্প মালিকরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পাওয়ায় তারা নিয়মিত বিক্রি করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে অনেক পাম্প সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। তারা আশা করছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

নগরীর একটি পেট্রোল পাম্পের কর্মচারী বলেন, “টানা দুদিন ধরে কোনো তেল পাইনি। তাই বিক্রি বন্ধ রাখতে হয়েছে। আজ কিছু তেল এসেছে, তবে তা খুব সীমিত। এই তেল দিয়ে সবার চাহিদা মেটানো সম্ভব নয়।”

এদিকে, যেসব পাম্পে অল্প পরিমাণ তেল রয়েছে, সেখানে প্রতিদিন সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে মোটরসাইকেল প্রতি ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চালকরা।

মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম বলেন, “সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখন দুপুর হয়ে গেছে। তারপরও তেল পাইনি। অফিসে যেতে পারিনি, কাজও বন্ধ হয়ে গেছে।”

আরেকজন মাইক্রোবাস চালক আব্দুল কাদের জানান, “গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারছি না। যাত্রী নিতে না পারলে আয় বন্ধ হয়ে যায়। এই অবস্থায় পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে।”

অফিসগামী যাত্রীদের ভোগান্তিও বেড়েছে কয়েকগুণ। নিয়মিত পরিবহন সংকট দেখা দেওয়ায় অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। ফলে নগরজীবনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

একজন বেসরকারি চাকরিজীবী নাজমুল হোসেন বলেন, “বাস কম চলছে, সিএনজি পাওয়া যাচ্ছে না। যাতায়াতে দ্বিগুণ সময় লাগছে। প্রতিদিন অফিসে দেরি হচ্ছে,এতে চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি।”

স্থানীয়দের মতে,জ্বালানি তেলের এই সংকট দীর্ঘায়িত হলে ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব পড়বে। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটানো কঠিন হবে। তাই দ্রুত জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

এদিকে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হতে পারে।তাদের দাবি, নিয়মিত সরবরাহ নিশ্চিত করে জনভোগান্তি কমে যাবে।

মন্তব্য (০)





image

পাবনায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের শোকজ

পাবনা প্রতিনিধি : ‎মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ...

image

জন্মের ৪০ দিন পর বাবার মৃত্যু, ৬ মাস বয়সে মায়ের পরিত্যাগ,...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জন্মের মাত্...

image

নওগাঁয় একই স্কিমে দুটি গভীর নলকূপ, এক দশক পানি সেচের দ্বন...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ...

image

নজরুলের চেতনা সবখানে ছড়িয়ে দিতে হবে : লতিফুল ইসলাম শিবলী

পাবনা প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নি...

image

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সম...

  • company_logo