• লিড নিউজ
  • শিক্ষা

‎২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী ‎

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
‎
‎গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬—২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
‎
‎অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থার সংস্কার, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, শিক্ষক বদলি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে সরকার নিরলসভাবে কাজ করছে।’
‎
‎ফ্যাসিস্ট আমলের বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক জটিলতা নিরসনে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পাঠদানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা।
‎
‎শিক্ষক বদলি প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষকদের মান ও যোগ্যতা যাচাই, নকল সনদ প্রতিরোধ এবং বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হচ্ছে।’
‎
‎কোনোভাবেই শিক্ষার গুণগত মানের প্রশ্নে আপস করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আমলের অব্যবস্থাপনা ও ত্রুটিপূর্ণ নীতির কারণে যেসব জটিলতা তৈরি হয়েছিলো, সেগুলো ধাপে ধাপে সমাধান করা হচ্ছে। এরই মধ্যে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতির প্রকৃত চিত্র পর্যবেক্ষণ করা হয়েছে। অনিয়ম রোধে কঠোর নির্দেশনা দেয়া হবে।’
‎
‎পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফলের স্বচ্ছতা প্রসঙ্গে মন্ত্রী মিলন বলেন, ‘পরীক্ষার ফলাফল ও খাতা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। যেসব পরীক্ষকের অবহেলায় ফলাফলে ত্রুটি দেখা দিয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’
‎
‎এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন ও সনদ প্রদানের প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে আনার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
‎
‎শিক্ষা মন্ত্রণালয়কে অত্যন্ত সংবেদনশীল দপ্তর হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জবাবদিহি বজায় রেখে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা একান্ত প্রয়োজন।’
‎
‎শিক্ষাবিষয়ক প্রতিটি যৌক্তিক ও গঠনমূলক প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয় জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষা খাতের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ও খোলামেলা মতবিনিময় অব্যাহত থাকবে।’
‎
‎ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
‎
‎এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, ইরাবের বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য (০)





  • company_logo