• লিড নিউজ
  • রাজনীতি

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ ও অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে সোচ্চার ছিলেন এই নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানি শাসনবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে মজলুম জননেতা হিসাবে পরিচিতি এনে দেয়।

দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী অনুসারীরা আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবেন। টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন।

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক বাণীতে তিনি ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। রিজভী বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। শোষিত, নির্যাতিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন সোচ্চার। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষকগোষ্ঠীর বিরুদ্ধে তার অবস্থান ছিল আপসহীন। রিজভী আরও বলেন, দেশের ভূপ্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরবচ্ছিন্ন আগ্রাসন চলছে। এ মুহূর্তে মওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়। যুগে যুগে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি প্রেরণার উৎস হয়ে থাকবেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর ভাসানীর পরিবারের সদস্য, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দেশের অন্যান্য স্থানেও সামাজিক ও রাজনৈতিক উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’র আয়োজন করা হয়েছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সয়া-ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের বড় অংশ কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা। পরে কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলন এবং শোষণ-বৈষম্যের প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন ভাসানী। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনের পর আওয়ামী লীগ ছেড়ে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ওই সম্মেলনে পাকিস্তানের উদ্দেশে ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন তিনি।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সোচ্চার ভাসানী স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সব কর্মকাণ্ড পরিচালনা করেন। তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন। স্বাধীনতার পরও জাতীয় রাজনীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালের ১৬ মে ভারতের ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চে নেতৃত্ব দেন। এর মাধ্যমে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেন। আমৃত্যু কৃষক, শ্রমিক, জেলে, মজুর, কামার, কুমার, তাঁতি ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।

মৃত্যুর পাঁচ দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান, অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে অবস্থান আজও প্রাসঙ্গিক। জাতি হিসাবে এগিয়ে চলার পথে তার রাজনৈতিক দর্শন এখনো গুরুত্বপূর্ণ প্রেরণা।

মন্তব্য (০)





image

লন্ডনে নাহিদের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনস...

১

নিউজ ডেস্কঃ লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়...

image

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ...

২

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধ...

image

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

৩

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ আওয়াম...

image

নাশকতার সময় আ. লীগ নেতার ভাইকে হাতেনাতে ধরলেন নয়ন, দিলেন ...

৪

‎নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজম নামের এক নেতার ...

image

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত

৫

‎নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে নিজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাং...

  • company_logo