নিউজ ডেস্ক: কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই আয়ের সুযোগে রূপ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক অগ্রাধিকার ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।
সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর দ্য আল্ট্রা-পুওর কমিউনিটি’র আওতায় প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘প্রশিক্ষণ দেওয়াই শেষ কথা নয়, বরং এটি কেবল শুরু। প্রশিক্ষণপ্রাপ্তরা যাতে উৎপাদনশীল কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, নিজেদের ব্যবসা গড়ে তুলতে পারেন এবং টেকসই জীবিকার ব্যবস্থা করতে পারেন, সেটি নিশ্চিত করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত’।
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগের মধ্যে ব্যবধান কমাতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
প্রতিমন্ত্রী তরুণদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
তিনি বলেন, উদীয়মান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মোকাবিলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সময়োপযোগী হতে হবে। তাহলে প্রশিক্ষণের সুফল বাস্তবে পাওয়া সম্ভব হবে।
মুসলিম এইড ইউকে-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ কর্মসূচির সাফল্য তুলে ধরা হয়।
কর্মসূচির অগ্রগতি তুলে ধরে মুহসিন সিদ্দিকী জানান, ঢাকা, যশোর ও নীলফামারীতে তিনটি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে মোট ১৯ হাজার ৩৯১ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়। তাদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন নয়টি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল সেলাই, কম্পিউটার পরিচালনা, গ্রাফিক ডিজাইন, বৈদ্যুতিক কাজ, রেফ্রিজারেশন, অটোমোবাইল মেকানিকস, গাড়ি চালনা, মোবাইল ফোন মেরামত এবং মোটরসাইকেল মেরামত।
তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের বৃত্তি, পেশাগত পরামর্শ, নমনীয় শিক্ষার সুযোগ এবং আত্মকর্মসংস্থানে সহায়তার জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) প্রকল্প সমন্বয় কার্যালয়ের প্রকল্প বিশেষজ্ঞ মনজুর মুর্শিদ বলেন, কোভিড-১৯ মহামারির কারণে নানা বিঘ্ন ঘটলেও কর্মসূচিটি লক্ষ্য অর্জনে সফল হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই।
মনজুর মুর্শিদ বলেন, ‘বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যা অনেক বেশি। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। তাহলেই দেশের জনসংখ্যাকে বড় সম্পদে পরিণত করা সম্ভব।’
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. নাজনীন কাওশার চৌধুরী দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারে কর্মীদের প্রস্তুত করতে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, ‘দক্ষতা প্রশিক্ষণের সঙ্গে তৃতীয় একটি ভাষা শিখতে পারলে কাজের সুযোগ আরও বাড়বে।’
নিয়োগদাতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান ড. নাজনীন। চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কয়েকজন প্রশিক্ষণার্থী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বৃত্তিমূলক প্রশিক্ষণ তাদের জীবিকার উন্নতির সম্ভাবনা তৈরি করেছে।
এতে আরও বক্তব্য দেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব হাসান এবং সংস্থাটির ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ।
মন্তব্য (০)