• অর্থনীতি

বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাধা কমানো গেলে দেশের ভোক্তারা আরও বেশি বৈচিত্র্যের পণ্য কম দামে কেনার সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

তিনি বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ হলে মার্কিন কোম্পানিগুলো নতুন বাজার পাবে, অন্যদিকে বাংলাদেশি ব্যবসায়ীরা উন্নতমানের পণ্য ও উপকরণ আমদানির সুযোগ পাবেন। এতে উভয় দেশের অর্থনীতি লাভবান হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত টেস্ট অব আমেরিকা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আরও বেশি মার্কিন পণ্য প্রবেশের পথ সুগম করা তার কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে বাংলাদেশি ভোক্তারা পণ্যের আরও বেশি বিকল্প ও প্রতিযোগিতামূলক দাম পাবেন। পাশাপাশি স্থানীয় শেফ, বেকার ও ব্যবসায়ীরা উন্নতমানের উপকরণ ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা তুলে ধরতে পারবেন।

বাণিজ্যনীতি প্রসঙ্গে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্যসংক্রান্ত চুক্তি কার্যকর হলে আমদানির ব্যয় কমবে। বিভিন্ন পণ্যের ওপর শুল্ক হ্রাসের ফলে মার্কিন খাদ্যপণ্য আমদানি সহজ ও সাশ্রয়ী হবে। আমদানিকারকেরা আরও বৈচিত্র্যময় পণ্য আনতে পারবেন। একই সঙ্গে রেস্তোরাঁ ও বেকারিগুলো নতুন ধরনের খাবার তৈরির সুযোগ পাবে।

খাদ্য নিরাপত্তা ও পণ্যের মানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে কোনো পণ্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ না হলে তা রপ্তানি করা সম্ভব নয়। বাণিজ্য চুক্তিতেও খাদ্য নিরাপত্তা, মেধাস্বত্ব সুরক্ষা এবং কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থার উচ্চমান বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশের বাজার পরিস্থিতি তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমদানি বিধিনিষেধ ও অনিয়ন্ত্রিত বাজারব্যবস্থার কারণে অনেক পণ্যের দাম বেড়ে যায়। নকল ও ভেজাল খাদ্যপণ্যের কারণে ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় এবং পণ্যের মান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। বাংলাদেশের প্রতিটি পরিবারের ন্যায্য দামে নিরাপদ ও মানসম্মত খাদ্য পাওয়ার অধিকার রয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা ধাপে ধাপে কমানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের গরুর মাংসের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের গরুর মাংস বিরিয়ানি, পোলাও, মেজবান ও তেহারির মতো ঐতিহ্যবাহী খাবারের জন্য উপযোগী। অন্যদিকে মার্কিন গরুর মাংস স্টেকের জন্য বিশ্বজুড়ে পরিচিত। শস্যভিত্তিক খাবার খাওয়ানোর কারণে অনেক মার্কিন গরুর মাংসে বিশেষ মার্বেলিং, কোমলতা ও স্বাদ তৈরি হয়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) চয়েস ও প্রাইম গ্রেডের মাংস আন্তর্জাতিকভাবে উচ্চমানের পণ্য হিসেবে পরিচিত।

রাষ্ট্রদূত জানান, বর্তমানে বাংলাদেশে বৈধভাবে মার্কিন গরুর মাংস কেনার সুযোগ নেই। এ কারণে উন্নতমানের আমেরিকান স্টেক খেতে আগ্রহীদের ব্যাংকক, সিঙ্গাপুর, টোকিও কিংবা যুক্তরাষ্ট্রে যেতে হয়। ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রিমিয়াম গরুর মাংসের বাণিজ্যিক প্রবেশাধিকার নিশ্চিত করতে মার্কিন দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে।

নিজের অঙ্গরাজ্য আইওয়া থেকে আমদানি করা গরুর মাংসের প্রসঙ্গে তিনি বলেন, আইওয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ভুট্টা উৎপাদনকারী অঙ্গরাজ্য। উৎপাদিত ভুট্টার একটি বড় অংশ গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের মানুষের কাছে যেমন গরুর মাংসের গুরুত্ব রয়েছে, আইওয়ার বাসিন্দাদের কাছেও উন্নতমানের গরুর মাংস তেমনই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ২০২৫ সালে শুল্ক ছাড়ের অনুমোদনের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গমের নবম বৃহত্তম ক্রেতায় পরিণত হয়েছে। বাংলাদেশে আরও বেশি মার্কিন গম আমদানি, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ এবং রেস্তোরাঁ ও ক্যাফেতে ব্যবহারের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য থেকে আমদানি করা হালাল পদ্ধতিতে জবাই করা গরুর মাংস পরিবেশন করা হয়। পাশাপাশি মার্কিন উপকরণ ব্যবহার করে বাংলাদেশি বেকারদের তৈরি কাপকেক নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মার্কিন কৃষিপণ্যের গুণগত মান ও বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি দুই দেশের কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অতিথিদের জন্য পারস্পরিক মতবিনিময় ও সরাসরি সংগীত পরিবেশনারও আয়োজন ছিল।

মন্তব্য (০)





image

সরকার সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায়: শি...

১

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সর...

image

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

২

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্...

image

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক!

৩

‎নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক কোনো প্রকার জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার ট...

image

১৬ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৪

নিউজ ডেস্কঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ ...

image

নতুন করে বন্ধ আরও ১০ কারখানা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ প...

৫

‎নিউজ ডেস্ক: কারখানায় উৎপাদন বন্ধ বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের...

  • company_logo