• অপরাধ ও দুর্নীতি

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল, নানা অভিযোগ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি ময়মনসিংহের খাদ্য বিভাগের পরিদর্শক শাহ মো. মাজহারুল ইসলাম কামাল। তাঁকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলি করা হলেও এখনো ময়মনসিংহে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে বদলি-পদায়নে প্রভাব বিস্তার, কর্মকর্তা-কর্মচারীদের চাপ প্রয়োগ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের পাশাপাশি বদলি আদেশ কার্যকর না হওয়া নিয়ে খাদ্য বিভাগের সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে।

প্রাপ্ত তথ্য ও বিভিন্ন ব্যক্তির অভিযোগ অনুযায়ী, শাহ মো. মাজহারুল ইসলাম কামাল একসময় গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাজুর সময়ে তিনি সম্মানিত সদস্য ছিলেন বলেও জানা গেছে। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ শাখার সেচপাম্প মেরামতকারী শাহ আবুল কাশেমের বড় ছেলে। গফরগাঁও উপজেলা আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সহসভাপতি হিসেবেও তাঁর পরিচয় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের সুপারিশে ২০০০ সালের ২৬ ডিসেম্বর খাদ্য বিভাগে চাকরিতে যোগ দেন কামাল। চাকরিজীবনের বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর অংশগ্রহণ ছিল বলেও অভিযোগ করেছেন কয়েকজন ব্যক্তি। তবে এসব রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

১৯৯৭ সালের ২৯ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গফরগাঁও সফরের সময় বিএনপির গাড়িবহরে হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো নথি বা প্রমাণ পাওয়া যায়নি।

২০২০ সালের জুলাইয়ে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ফুলপুর এলএসডি থেকে তাঁকে প্রত্যাহার করে নেত্রকোনার আটপাড়া উপজেলা খাদ্য দপ্তরে পদায়ন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তী সময়ে তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলি হন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সংযুক্তিতে দায়িত্ব পালন করেন।

খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের অভিযোগ, বদলি-পদায়ন, পরিবহন ঠিকাদার নিয়োগসহ বিভিন্ন বিষয়ে কামালের প্রভাব রয়েছে। বদলির ভয় দেখিয়ে অর্থ আদায় এবং তাঁর কথার বাইরে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার অভিযোগও উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে ময়মনসিংহ বিভাগের কয়েকজন খাদ্য পরিদর্শক এবং খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তারা বলেন, ‘কামাল ভাইয়ের কথা না শুনলে হঠাৎ করেই বদলি করে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে বদলি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ নিয়ে আগেও সংবাদ প্রকাশ হয়েছে। গত ১৮ অক্টোবর তাঁর বদলির আদেশ হয়েছে বলে শুনেছি। কিন্তু এখনো তাঁকে ময়মনসিংহেই দেখা যাচ্ছে।’

অভিযোগ রয়েছে, ময়মনসিংহ খাদ্য পরিদর্শক সমিতির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভাগীয় বদলি-পদায়ন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন। ২০২৫ সালে ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলমের নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ করেছেন কয়েকজন কর্মকর্তা।

তাঁদের দাবি, দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই বিভিন্ন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে প্রত্যাহারের আবেদন করতে বলা হতো। পরে তাঁদের স্থলে অন্য কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও দাপ্তরিক নথি যাচাই করা প্রয়োজন।

বিভিন্ন গণমাধ্যমে তাঁকে ঘিরে অভিযোগ প্রকাশের পর গত ১৮ অক্টোবর খাদ্য বিভাগের উপপরিচালক (সংস্থাপন) ও বিকল্প কর্মকর্তা মো. ফজলে রাব্বী হায়দারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাহ মো. মাজহারুল ইসলাম কামালকে ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলি করা হয়।

কিন্তু বদলির আদেশ জারির পরও তিনি ময়মনসিংহে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত হয়েছেন কি না, নতুন কর্মস্থলে যোগদানের সময় বাড়ানো হয়েছে কি না কিংবা বদলি আদেশ স্থগিত বা পরিবর্তন করা হয়েছে কি না, তা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সম্পদ অর্জন নিয়েও নানা অভিযোগ

কামালের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজের পাশাপাশি স্বজনদের নামে বিভিন্ন স্থানে সম্পদ গড়ে তোলার অভিযোগ করেছেন কয়েকজন ব্যক্তি। তাঁদের দাবি, তাঁর স্ত্রী নূরজাহান বেগম, ছোট ভাই শাহ ইশতিয়াক রুবেল এবং শ্যালক ফাহিমের নামে বিভিন্ন স্থানে জমি ও ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে। তবে এসব সম্পদের মালিকানা, অর্থের উৎস এবং কামালের সঙ্গে প্রকৃত আর্থিক সংশ্লিষ্টতা সরকারি নথি যাচাই ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

ময়মনসিংহ শহরের সুলতান বেপারী দাবি করেন, দীর্ঘদিন ময়মনসিংহে অবস্থানের সুযোগে শাহ মো. মাজহারুল ইসলাম কামাল নিজের নামে, বেনামে এবং স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ময়মনসিংহ নগরীর মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজায় ৭সি নম্বরের একটি ফ্ল্যাট, আমলাপাড়ায় মাদ্রাসার পাশের একটি ফ্ল্যাট, দুর্গাবাড়ী রোডে একটি দোকান, কাঁচিঝুলিতে দুই ভাইয়ের নামে ছয়তলা ফাউন্ডেশনের চারতলা ভবন এবং নতুন বাজারের ফারহান কমপ্লেক্সে দুটি ফ্ল্যাট বুকিং দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া গফরগাঁওয়ের জামতলা মোড়ে একটি দোকান, ইমামবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন বাজারে একাধিক দোকান, ঢাকার উত্তরা এলাকায় একটি ফ্ল্যাট এবং ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের সম্মিলিত উদ্যোগে কেনা জমিতে তাঁর তিনটি শেয়ার রয়েছে বলেও দাবি করেন সুলতান বেপারী।

তাঁর আরও অভিযোগ, ঢাকা মেট্রো-গ-৪৩-২৬৪৭ নম্বরের একটি টয়োটা প্রিমিও গাড়ি ময়মনসিংহ খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে আজাদের নামে নিবন্ধিত হলেও সেটি কামাল ব্যবহার করেন। গাড়িটি মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার গ্যারেজে রাখা হয় বলেও দাবি তাঁর। গাড়িটির নিবন্ধিত মালিকানা, প্রকৃত ব্যবহারকারী এবং অর্থের উৎস বিআরটিএর নথি যাচাই করে দেখার দাবি জানিয়েছেন তিনি।

তদন্তের দাবি স্থানীয়দের

ময়মনসিংহ শহরের বাসিন্দা ছামিউল বলেন, ‘তাঁর বদলির কথা শুনেছি। কিন্তু এখনো ময়মনসিংহে রয়েছেন। নানা মহলে আলোচনা হচ্ছে, যেভাবেই হোক বদলির আদেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।’

ময়মনসিংহের বিএনপি নেতা সবুজ বলেন, ‘মাজহারুল ইসলাম কামাল একসময় কলেজে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে আমরা জানি। চাকরিতে যোগদানের আগে তাঁদের পরিবারের আর্থিক অবস্থা কী ছিল এবং বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ কত, তা খতিয়ে দেখা প্রয়োজন। বদলি হওয়ার পরও কীভাবে তিনি ময়মনসিংহে অবস্থান করছেন, সেটিও তদন্ত করা উচিত।’

সচেতন মহলের দাবি, কামালের চাকরিতে যোগদানের সময়কার পারিবারিক আর্থিক অবস্থা এবং বর্তমান সম্পদের তুলনামূলক হিসাব, ব্যাংক হিসাব, জমি, ফ্ল্যাট, গাড়ি ও ব্যবসায়িক বিনিয়োগের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হোক। একই সঙ্গে বদলি-পদায়ন সংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্টদের

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ময়মনসিংহের খাদ্য পরিদর্শক শাহ মো. মাজহারুল ইসলাম কামালের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে খাদ্য বিভাগের উপপরিচালক (সংস্থাপন) ও বিকল্প কর্মকর্তা মো. ফজলে রাব্বী হায়দার বুধবার দুপুর ২টার দিকে মুঠোফোনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘দেখতেছি।’

তবে বদলির আদেশের ২৩ দিন পরও কেন তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

১

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...

image

জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ভ্রাম্যমাণ আদালতে কা...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

image

বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করতে চান জিএমপির নতুন কমিশন...

৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

image

দিনাজপুরে আসল এসআরবি-১৩ এর হাতে ভুয়া এসআরবি সদস্য গ্রেফতার

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের জেলা সদরে এসআরবি সদস্য পরিচয়...

  • company_logo