ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।
সোমবার (২৬ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেএনর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়। সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও সভায় বিএনপির যুগ্ম-মহাসচিবরা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
একই দিন সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। একই দিন সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালিরও আয়োজন করা হবে।
এছাড়া ৮ নভেম্বর সারা দেশের থানা ও উপজেলা পর্যায়ে র্যালি হবে। দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
কর্মসূচির অংশ হিসেবে ৬ নভেম্বর বেলা ৩টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া, যুবদল ১০ নভেম্বর আলোচনা সভা, শ্রমিক দল ৫ নভেম্বর আলোচনা সভা, কৃষক দল ৯ নভেম্বর সকাল ১১টায় আলোচনা সভা এবং জাসাস ৯ নভেম্বর বিকেল ৩টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
ছাত্রদল ৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভার আয়োজন করবে। ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে।
বিজ্ঞপ্তিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথসভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...
নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...
নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

মন্তব্য (০)