ফাইল ছবি
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারণের বিধান বাতিল করে একটি বিল অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।
শুক্রবার (১০ মার্চ) বিকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ সংশোধনের প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে এ বিষয়ে কোনো দফাওয়ারি সংশোধনী না থাকায় বিলটি অপরিবর্তিত অবস্থায় পাশ হয়।
নতুন আইনের নাম নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ ব্যাংক সংশোধন আইন, ২০২৬’।
বিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের চার বছরের মেয়াদ ও পুনর্নিয়োগের সুযোগ বহাল রাখা হয়েছে, তবে ৬৭ বছর পূর্ণ হলে পদে থাকা যাবে না বলে যে শর্ত ছিল, সেটি বাদ দেওয়া হয়েছে।
ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ১০ অনুচ্ছেদের ৫ দফায় থাকা শর্ত বিলুপ্ত হবে। এর অর্থ, গভর্নর পদে চার বছরের মেয়াদ এবং পুনর্নিয়োগের বিধান থাকবে, কিন্তু বয়স ৬৭ বছর পার হলে পদ ছাড়তে হবে, এমন বাধ্যবাধকতা আর থাকবে না।
বিলটির সঙ্গে দেওয়া ‘উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে’ বলেছেন, মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক স্থিতিশীলতা রক্ষা, ব্যাংক তদারকি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়সহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য গভর্নর পদে ‘অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি’ নিয়োগ দেওয়া প্রয়োজন। বিদ্যমান বয়সসীমা অনেক ক্ষেত্রে আর্থিক খাতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৈরি সংশোধনের যৌক্তিকতা সংবলিত তুলনামূলক বিবরণীতেও একই কথা বলা হয়েছে।
সেখানে বলা হয়, এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে।
ওই বিবরণীতে বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ নেপাল ও পাকিস্তান ছাড়া অন্য অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা নেই। সেই কারণেই ‘উক্ত আইনগত সীমাবদ্ধতা দূরীকরণ’ জনস্বার্থে প্রয়োজন বলে মত দেওয়া হয়েছে।
সংসদের চলতি অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার যে প্রক্রিয়া চলছে, তার অংশ হিসেবেই এই সংশোধনী বিলটি আনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সংশোধন বিলের পাশাপাশি আর্থিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো-সংক্রান্ত আরও কয়েকটি বিলও ওই অধিবেশনে নিষ্পত্তি হয়েছে।
নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোক...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ...
নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকাসহ ৫ অঞ্চলের ওপর দি...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোক...
নিউজ ডেস্ক : নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পোর্ট লুইসে ...

মন্তব্য (০)