ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া গিয়েছে বুধবার। সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৈঠকে উভয় দেশ শ্রমবাজার দ্রুত পুনরায় চালু, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে একমত হয়েছে এবং যৌথ বিবৃতি স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতো’ শ্রী রমনান রামকৃষ্ণনের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
যৌথ বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় উভয় দেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগী কমিয়ে স্বচ্ছ ও নৈতিক নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে মালয়েশিয়া জানায়, তারা একটি প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং খরচ কমবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার ‘এমপ্লয়ার পে’ নীতির আওতায় শ্রমিকদের জন্য শূন্য খরচ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানিয়েছে।
এছাড়া, আটকে থাকা শ্রমিকদের দ্রুত নিয়োগ, মানব পাচারসংক্রান্ত চলমান আইনি বিষয় নিষ্পত্তি, এবং অনিয়মিত শ্রমিকদের সমস্যা সমাধানেও আলোচনা হয়। দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও তথ্য বিনিময় বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
বৈঠক শেষে, উভয় পক্ষ আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে। বাংলাদেশ প্রতিনিধিদল উষ্ণ আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানায়।
নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোক...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ...
নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকাসহ ৫ অঞ্চলের ওপর দি...
নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোক...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারণের বিধান বাতিল করে একটি বিল অ...

মন্তব্য (০)