• সমগ্র বাংলা

কেউ যদি চাঁদা দাবি করে তাকে জেলে থাকতে হবে: শিমুল বিশ্বাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বহু প্রত্যাশিত আতাইকুলা রোডের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুর ২টায় পুরাতন বিআরটিসি স্ট্যান্ডের সামনে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বগা মিয়া রোডের খেয়াঘাট ব্রিজ থেকে পিএন রোড পর্যন্ত মোট ১ হাজার ৩শ’ ৫০ মিটার দৈর্ঘ্যের সড়ক, ড্রেন, ফুটপাত এবং সড়কবাতি নির্মাণকাজের উদ্বোধন করেন ৭২ (পাবনা-৫) আসনের জাতীয় সংসদ সদস্য, প্রখ্যাত শ্রমিক ও জননেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় থাকায় এখানকার পথচারী, যানবাহন এবং এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। লক্ষ লক্ষ মানুষের চলাচলের পথ এটি। বাইরে থেকে শহরে প্রবেশের অন্যতম প্রধান সড়ক হওয়া সত্ত্বেও বছরের পর বছর এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই পানি হাঁটু সমান জমে যেত।”

তিনি আরও বলেন, “কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য অনেকে এই রাস্তায় ধান রোপণ করেছেন, বাঁধ তৈরি করেছেন—কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। অবশেষে বহুল প্রতীক্ষিত এই কাজটি শুরু হতে যাচ্ছে, যা সম্পূর্ণ পরিকল্পিতভাবে নির্মাণ করা হবে এবং পানি সরাসরি ইছামতি নদীতে গড়িয়ে যাবে। তবে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই—কেউ যদি এই কাজ থেকে চাঁদা দাবি করে, তাকে জেলে থাকতে হবে।”

রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এবং World Bank-এর অর্থায়নে প্রায় ৬ কোটি ৯ লক্ষ টাকা ব্যায়ে এই নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সামিহা এন্টারপ্রাইজ কাজটি পেয়েছে।

চুক্তি অনুযায়ী আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা রয়েছে। 

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলী সাজেদুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে লে-আউটের কাজ শুরু করা হবে। ঈদের পরের সপ্তাহ থেকেই পুরোদমে খোঁড়াখুঁড়িসহ বাকি কাজ শুরু করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি শেষ করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মনিরুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী ওবায়েদ-উল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো. রবিউল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, শিমুল বিশ্বাসের আস্থাভাজন এনামুল হক এনাম, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আবুল আহসান খান রেয়নসহ পৌরসভা ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন আল হেলাল জামে মসজিদের খতিব মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী।

মন্তব্য (০)





  • company_logo