• জাতীয়

শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়: ‘থিংক ট্যাংক’ প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সেনাপ্রধান

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশে নতুন একটি  ‘থিংক ট্যাংক’ প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ নামে নতুন এ প্রতিষ্ঠানটি রাষ্ট্রে সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণপ্রক্রিয়ায় ‘থিংক ট্যাংক’ হিসেবে গবেষণাকাজ করবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

রোববার রাতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এই থিংক ট্যাংক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল  (অব.)  আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) এম নুরুদ্দিন খানসহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা।

অনুষ্ঠানে শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা সম্ভব নয় উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে কোন কোন ক্ষেত্রে জোর দেওয়া উচিত, তা গবেষণার মাধ্যমে বের করতে হবে।

অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমরা বিশ্বাস করি, সঠিক গবেষণাভিত্তিক নীতিমালা প্রণয়ন সুশাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও জাতীয় স্থিতিশীলতার জন্য অপরিহার্য। সুতরাং, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এফএসডিএস তার কার্যক্রমের মাধ্যমে গবেষণা, কৌশলগত বিশ্লেষণ এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা এ কাজে সর্বাত্মক সহায়তা প্রদান করব যাতে এটি বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সেনাপ্রধান আরও বলেন, আমাদের নিরাপদ যোগাযোগব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। যদি কার্যকর যোগাযোগ ব্যবস্থা না থাকে, তাহলে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাবে, যা আমাদের অর্থনীতিকে ধ্বংস করবে। এজন্য প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করা না গেলে আমাদের পররাষ্ট্রনীতি কার্যকর করা সম্ভব হবে না।

জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করে বলেন, এফএসডিএস বাংলাদেশের সর্বোত্তম স্বার্থকে সুরক্ষিত করবে। একই সঙ্গে, আমি সরকার, শিক্ষাবিদ এবং বেসরকারি খাতের সব অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই, যাতে আমাদের জাতির বৃহত্তর ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

ভূ-রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে জানিয়ে সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) এম নুরুদ্দিন খান বলেন, প্রতিবেশী দেশ ভারত সম্পর্কেও আমাদের চিন্তা করতে হবে। ভারত আজ এমন এক অবস্থানে রয়েছে, যেখানে তাদের বাণিজ্যিক মন্দা চলছে, তাদের বাজার সংকুচিত হচ্ছে এবং একদিন তারা আমাদের দিকেই ফিরে আসতে বাধ্য হবে। আমি এতে কোনো সন্দেহ দেখি না। আমাদের নীতির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তিনি বলেন, এদেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাস, আমাদের কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। চীন, আমেরিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দেশগুলো আমাদের ওপর আগ্রহী। আমরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছি এবং এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.)হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান (অব.) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।

অনুষ্ঠানে অর্থনীতবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আইনজ্ঞ অধ্যাপক বোরহান উদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান বক্তব্য রাখেন। এছাড়া সিনিয়র সাংবাদিকদের মধ্যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo