• লিড নিউজ
  • রাজনীতি

বাংলাদেশকে নিজেদের প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি নিজেদের প্রভাব-বলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে নিয়ে গিয়ে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি বলেও জানান তিনি।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভাষা আন্দোলনের নেতা গোলাম আর টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে কমরেড তোয়াহার অনেক গল্প শুনেছেন। তারা কয়েক বছরের জুনিয়র ছিলেন। ডাকসুর তৎকালীন প্রভাবশালী নেতা হিসেবে কমরেড তোয়াহার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, উভয় অংশেই ব্যাপক জনপ্রিয়তা ছিল। 

১৯৪৮ সালে বাংলা ভাষার পক্ষে কমরেড তোয়াহার সাহসী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মুখের ওপর দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ বিষয় ছিল না। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার পরপরই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার সামনে প্রকাশ্যে প্রতিবাদ করা অনেক বড় সাহসের ব্যাপার ছিল। কিন্তু কমরেড তোয়াহা সেই সাহস দেখিয়েছিলেন।

বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একসময় দেশে একটি মৌলিক রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত বিতর্কের কারণে নেতাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। নেতাদের মধ্যে ঐক্য থাকলে সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন, তিনি দেশে ফিরে আসবেন। তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছেন। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে নিয়ে গিয়ে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি। কমরেড তোয়াহা স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু ১৯৭২ সাল থেকেই তারা বুঝতে পেরেছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও বাংলাদেশকে দিল্লি নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। সেই সময় থেকেই তারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। 

রুহুল কবির রিজভী বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোয়াহার মধ্যে মতপার্থক্য থাকলেও তারা সবাই দেশপ্রেমিক ছিলেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সার্বভৌম সত্তা রক্ষা করতে চেয়েছেন। তাদের কাজ, বক্তব্য, সংগ্রাম ও ত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, পূর্বসূরিদের দেওয়া শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে স্বাধীনতার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ ছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মন্তব্য (০)





image

প্রত্যাবর্তনের বয়ান ও ক্ষমতার সমীকরণ: ২০২৪-পরবর্তী বাংলা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনীতিতে প্রতীকী ঘোষণা, পাল্টা ...

image

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

২

নিউজ ডেস্কঃ দেশে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল...

image

১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা

৩

নিজস্ব ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রা...

image

সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

৪

নিউজ ডেস্কঃ আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের পরিব...

image

‎কোনো লকডাউন নেই, দেশ স্বাভাবিকভাবেই চলছে: রিজভী ‎

৫

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছ...

  • company_logo