• জাতীয়

পলাতক শক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ৫৯০ জনের বেশি বীর শহীদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’। আজ শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ। 

উদ্বোধনের পরপরই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে জড়ো হয়েছিলেন শহীদ পরিবারের সদস্য এবং শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা। কালোরঙা টেবিলের ওপর বিছিয়ে রাখা রক্তমাখা শার্ট, অসমাপ্ত ডায়েরির পাতা, ভাঙা চশমা কিংবা প্রিয়জনের শেষ চিঠির সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজনেরা। প্রদর্শনীস্থল ঘুরে দেখার সময় এক হৃদয়বিদারক ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে এবং নির্বাচনব্যবস্থাকে নষ্ট করে বিনা ভোটে ও রাতের ভোটে তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল।’ 

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যে পুলিশ স্বৈরাচারের নির্দেশে গুলি করেছে, দেখা গেল তার ছেলেও এখানে নিহত হয়ে শহীদ হয়েছে। সেনাবাহিনীর অফিসারের ছেলে শহীদ হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—জাতি-ধর্মনির্বিশেষে যারা বাংলাদেশকে ভালোবাসে, সবাই এই গণঅভ্যুত্থানে শামিল হয়েছে। গণমাধ্যমের কর্মী ও সাংবাদিকেরাও বিষয়টি বুঝতে পেরেছিলেন।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় এবং তিনি এখান থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার পরপরই সমস্ত মন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র, এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে চলে গেল। এই পলাতক শক্তি এখন আবার দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিত ছক করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর নানান ষড়যন্ত্র তৈরি করছে। এই কারণেই তারা স্বীকার করে না যে জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছে এবং কেন তারা পালিয়েছে। তারা বিভিন্ন দেশ থেকে, সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সচেতন জনগণ এবং জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন-সংগ্রাম করেছে, তারা আজ ঐক্যবদ্ধ এবং সবাই রাজপথে আছে। অতএব এই সমস্ত দুষ্কৃতকারী বা কোনো অপশক্তিকে তারা ভয় পায় না। এসব করে কোনো লাভ নেই; বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে এগিয়ে যাবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘প্রত্যেক শহীদের পরিবারের একই রকম কষ্ট এবং হাহাকার আছে। যে পরিবারে সন্তান মারা গেছে, সে তার একমাত্র সন্তান হোক বা অন্য সন্তানদের মধ্যকার একজন হোক, এই কষ্টের কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেকটা শহীদকে সমানভাবে দেখতে চায়।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ‘ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না, কোনো সম্ভাবনাই নেই। শুধু উনি নন, ওনাদের এই পার্টি বাংলাদেশে কী করে গেছে, কী পরিমাণ বিপর্যয় চালিয়ে গেছে, এই ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত সেই স্মৃতিকে সজীব ও সতেজ রাখতে চাই। বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে।’
 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ২০২৪-এর গণঅভ্যুত্থান ও স্বৈরাচারের পতনের ঘটনা এবং বিগত দেড় দশকে বাংলাদেশের যে স্বৈরাচারের জাঁতাকলে থাকা, তার স্মৃতি রক্ষার্থে গবেষণা, সংরক্ষণ ও শহীদদের বিষয় নিয়ে গবেষণা করা, ইতিহাস সংরক্ষণ করা, প্রদর্শন করার জন্যই মূলত প্রতিষ্ঠিত হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমানে এই জাদুঘরে ৫৯০ জন শহীদের স্মারক আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে জাদুঘরের গ্যালারিতে ২০৫ জন শহীদের ৫০০-এর বেশি স্মারক প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমাদের কাছে শহীদদের ব্যবহৃত দেড় হাজার থেকে ১৮০০ স্মৃতিস্মারক রয়েছে। জায়গা সংকুলান না হওয়ায় আমরা দ্রুত সব প্রদর্শন করতে পারছি না।’ সামনের দিনে বিভিন্ন প্রদর্শনী ও জুলাই জাদুঘরের গ্যালারিতে পর্যায়ক্রমে সংগ্রহীত সব নিদর্শন দেখানো হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে জুলাই জাদুঘরের এই বিশেষ আয়োজন রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো

১

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে ...

image

ভূমিদস্যুদের প্রভাব ঠেকাতে মন্ত্রীর হুঁশিয়ারি

২

নিউজ ডেস্কঃ  জমি নিয়ে বিরোধ, হয়রানি ও অনিয়মের অবসান ঘটি...

image

সুস্থ সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সাংস্কৃতিক...

৩

নিজস্ব প্রতিবেদক: 'সৃজনের ছায়াপথে মিলবে প্রাণে প্রাণে' এই স্লোগানকে স...

image

এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা

৪

নিউজ ডেস্ক : আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস ...

image

আওয়ামী লীগ হোক বা গুপ্ত-সুপ্ত শক্তি, বিচারপ্রক্রিয়ায় বাধা...

৫

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জ...

  • company_logo