• আন্তর্জাতিক

চীনের জন্য ধাক্কা, নিরাপত্তা চুক্তি সই করল অস্ট্রেলিয়া ও সলোমন দ্বীপপুঞ্জ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  অস্ট্রেলিয়া ও সলোমন দ্বীপপুঞ্জ বুধবার একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া দেশটির পছন্দের প্রতিরক্ষা অংশীদার হিসেবে স্বীকৃতি পেল। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশটির জন্য এটি একটি অবস্থান পরিবর্তনের ঘটনা। কারণ, মাত্র চার বছর আগে দেশটি চীনের সঙ্গে একই ধরনের একটি চুক্তি করেছিল।

এ চুক্তিকে ক্যানবেরার জন্য একটি সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে চীনের সঙ্গে প্রতিযোগিতা করছে অস্ট্রেলিয়া। সম্প্রতি পাপুয়া নিউগিনি, ভানুয়াতু ও ফিজির সঙ্গেও একই ধরনের চুক্তি করেছে দেশটি।

চুক্তি অনুযায়ী, সলোমন দ্বীপপুঞ্জের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সম্প্রসারণ এবং উন্নয়নে সহায়তা করবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, নিজ ভূখণ্ডে সামরিক বা নিরাপত্তা ঘাঁটি স্থাপনের জন্য কোনো বিদেশি শক্তির অনুরোধ প্রত্যাখ্যান করবে হোনিয়ারা। দুই দেশের নেতারা এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ক্যানবেরায় সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘সলোমন দ্বীপপুঞ্জের প্রধান নিরাপত্তা অংশীদার হতে পেরে অস্ট্রেলিয়া গর্বিত। এটি এমন একটি দায়িত্ব, যা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করি।’

বিস্তৃত পরিসরের এ চুক্তিতে অবকাঠামো ও শিক্ষা খাতে বিনিয়োগের জন্য অস্ট্রেলিয়ার অর্থায়ন, সলোমন দ্বীপপুঞ্জের নাগরিকদের জন্য উন্নত ভিসা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে পরামর্শ করার বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিন ধরে চীনের সমালোচক হিসেবে পরিচিত ওয়ালের অবস্থানে এটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর অবস্থান কিছুটা নমনীয় হয়ে এসেছিল।

সংবাদ সম্মেলনে ওয়াল বলেন, ‘বেশ কয়েক বছর ধরে সলোমন দ্বীপপুঞ্জ এই অঞ্চলে অনিশ্চয়তা ও সংশয়ের উৎস হয়ে ছিল। সেই দিন শেষ।’

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন অর্জনে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সব দেশের উচিত দ্বীপগুলোর নিজস্ব ও স্বাধীন উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এবং উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক মনোভাব বজায় রাখা। এ ধরনের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে হওয়া উচিত নয়।’

চীনের সঙ্গে সম্পর্ক

২০২২ সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন ওয়াল। যুক্তরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো তিনিও বলেছিলেন, ওই চুক্তি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে এবং বিদ্যমান অংশীদারদের সঙ্গে সম্পর্ক ঝুঁকির মুখে ফেলতে পারে।

তবে ২০২৫ সালে তিনি একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বেইজিং সফর করেন। সেখানে চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং তাঁর দল ‘এক চীন’ নীতিকে সমর্থন করে বলে জানান। চীনের দাবিকৃত তাইওয়ানের সঙ্গে ২০১৯ সালে সম্পর্ক ছিন্ন করে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল সলোমন দ্বীপপুঞ্জ।

বুধবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের চুক্তিটি বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে গোপনীয়তা চুক্তির কথা উল্লেখ করে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ওয়াল।

সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের প্যাসিফিক আইল্যান্ডস কর্মসূচির গবেষক কনর গ্রাহাম বলেন, ‘আমার মনে হয়, এ চুক্তির পাশাপাশি সলোমন দ্বীপপুঞ্জ চীনের সঙ্গে করা চুক্তিটির মেয়াদ শেষ হতে দেবে—এমন ইঙ্গিতও রয়েছে। এটি ওই অঞ্চলে অস্ট্রেলিয়ার আগে করা চুক্তিগুলোর সাফল্যকেও ছাড়িয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘নিশ্চিতভাবেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের নিরাপত্তা-সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য এটি একটি ধাক্কা।’

মন্তব্য (০)





image

স্বর্ণের দামে ফের বড় পতন

১

নিউজ ডেস্ক : বছরের শেষ নীতিনির্ধারণী বৈঠকের আগে যুক্তরাষ্ট্র...

image

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নিশানায় ভারতসহ ১৬ দেশ

২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নত...

image

হামলার শিকার হয়ে ২ দেশে ফোন করল সৌদি

৩

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সবচেয়ে উঁচু ভবনে হামলার শিকার হওয়ার পর প্রতিবে...

image

সৌদিতে হামলার ইস্যুতে ভারতের কড়া বার্তা

৪

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট টাওয়ারে হুথিদ...

image

তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শঙ্কা

৫

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৭ সালে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরা...

  • company_logo