নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ হতে পারে। জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে ১৮ নভেম্বর একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওই বৈঠকের পর জাতীয় সংসদে দেওয়া ভাষণে তারা দুজনেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ও সংসদের বাইরের দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এরপরই মূলত জাতীয় সংলাপে বসতে বিরোধী দলকে আমন্ত্রণ জানায় সরকারি দল বিএনপি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার দুপুরে তার সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল।
জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে।
তিনি বলেন, জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে সবাই আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তারা শুনতে চান।
এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রতিনিধিত্বকারী এবং সংসদের বাইরের সব গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।
মন্তব্য (০)